২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি ডলার লোকসানে তোশিবা

আর্থিকভাবে নড়বড়ে অবস্থায় রয়েছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা। চলতি বছর মার্চ পর্যন্ত ১২ মাসে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৩১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বিবিসি জানিয়েছে, ফিনল্যান্ডভিত্তিক লিফট নির্মাতা প্রতিষ্ঠান কোনের কাছে ৯৪ কোটি ৬২ লাখ ডলারের বিনিময়ে তোশিবার ৪.৬ শতাংশ মালিকানা বিক্রির পরও প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ লোকসানের মুখে রয়েছে।

অন্যদিকে টানা ছয় বছর ধরে প্রতিষ্ঠানটির লাভের পরিমাণ বাড়িয়ে বলার অভিযোগ প্রমাণিত হওয়ার পর চলতি বছর জুলাই মাসেই এক সঙ্গে পদত্যাগ করতে বাধ্য হন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট।

এক বিবৃতিতে তোশিবা দাবি করেছে, মার্কিন বাজারে খুব একটা সুবিধা করতে না পারলেও যুক্তরাজ্য এবং ইউরোপের বাজারে ভাল অবস্থানে আছে প্রতিষ্ঠানটি। চীনের বাজারে বিক্রি কমলেও দক্ষিণ পূর্ব এশিয়া আর ভারতের বাজারে বিক্রি বেড়েছে প্রতিষ্ঠানটির তৈরি ডিভাইসগুলো ও পণ্যের।

নাজুক আর্থিক অবস্থা নিয়ে নানা জটিলতা আর ‘অ্যাকাউন্টিং কেলেঙ্কারির’ কারণে পর পর দুইবার পেছানোর পর চলতি মাসে প্রথম সোমবার পুরো বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল তোশিবা।