২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নতুন কী আনবে অ্যাপল?

এবার নতুন কী ঘোষণা দেবে অ্যাপল? ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রেস ইভেন্ট। আর ওই ইভেন্টকে সামনে রেখে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রযুক্তিপ্রেমিদের মাথায়।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

৯ সেপ্টেম্বর অ্যাপল কোন কোন সেবা বা পণ্য নিয়ে ঘোষণা দিতে পারে সে বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। আসুন নজর বুলানো যাক সেখানটায়।

নতুন আইফোন

নতুন আইফোন আর আপগ্রেড মডেল বাজারজাত করার ক্ষেত্রে পুরানো প্রথা মেনে চলে অ্যাপল। সেই হিসাবে এবার অ্যাপলের আইফোন ৬ আর আইফোন ৬ প্লাসের আপগ্রেডেড সংস্করণ উন্মোচন করার কথা বলে জানিয়েছে সিএনএন।

নতুন আইফোনের সম্ভাব্য ফিচারগুলোর মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ‘ফোর্স টাচ প্রেসার সেনসিটিভ স্ক্রিন’। সেই সঙ্গে গোলাপী আর সোনালি রঙের শক্ত অ্যালুমিনিয়ামের কেসিংয়ের গুজব শোনা যাচ্ছে। নতুন ফোনগুলোতে আরও উন্নত প্রসেসর, ৪কে রিয়ার ক্যামেরা আর আগের চেয়ে ভালো মাইক্রোফোন থাকবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপল টিভি

এবার অ্যাপল টিভি নিয়ে আলোচনাটা যেন একটু জোরেসোরেই চলছে। এই ইভেন্টে অ্যাপল তাদের নতুন সেট-টপ টিভি বক্স উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আর এতে যোগ করা হতে পারে সিরি কন্ট্রোল। এর মানে, ব্যবহারকারী ভয়েস কমান্ডের মাধ্যমে টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন।

অ্যাপল টিভির জন্য আলাদা অ্যাপ স্টোর রাখার বিষয় নিয়ে গুঞ্জন উঠেছে। এর ফলে ডিভাইসটিতে গেইম খেলার সুবিধাও থাকবে।

প্রফেশনাল আইপ্যাড

এবার অ্যাপল নতুন একটি ‘প্রফেশনাল লেভেল আইপ্যাড’-এর ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। ট্যাবলেটটির আকার ১২.৯ ইঞ্চি হবে আর এতে আল্ট্রা হাই-রেজুলিউশন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টাইলাস আর ইউএসবি পোর্ট থাকতে পারে বলে জানিয়েছে সিএনএন। সেইসঙ্গে আইপ্যাড মিনির একটি নতুন সংস্করণ নিয়েও ঘোষণা আসতে পারে।