নিরাপত্তায় নজর ব্ল্যাকবেরির
নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠান গুড টেকনোলজি কিনছে ব্ল্যাকবেরি। সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার সাড়ে ৪২ কোটি ডলার মূল্যে গুড টেকনোলজিকে কিনে নেওয়ার ঘোষণা দেয় কানাডাভিত্তিক এ প্রতিষ্ঠান।
সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্মার্টফোনের নিরাপত্তা সেবা দেওয়ার বাজারে গুড টেকনোলজি প্রথমদিকে ব্ল্যাকবেরির প্রতিদ্বন্দী ছিল। এমন পদক্ষেপের মাধ্যমে ব্ল্যাকবেরি প্রধান জন এস. চেন এ খাতে কার্যত তার প্রভাব বিস্তার করলেন বলে মনে করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এতদিন বাজারে দুই প্রতিষ্ঠানের ছিল রীতিমতো দা-কুমড়া সম্পর্ক। এ বিষয়ে বাজার বিশ্লেষক জ্যাক ই. গোল্ড বলেন, "এটা স্পষ্ট যে প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে কোনো সখ্যতা ছিল না।" গুড-এর প্রধান ক্রিস ওয়াট আর জন চেনের সম্পর্ক নিয়ে এই বিশ্লেষক বলেন, "ক্রিস ওয়াট ব্ল্যাকবেরির সমালোচনাতেই বেশি সময় ও চেষ্টা খরচ করতেন আর জন চেনও তার জবাব দিতেই ব্যস্ত থাকতেন।"
এমন উত্তপ্ত সম্পর্কের নজির থাকলেও এখন দুই প্রতিষ্ঠানের এক হওয়ার এ বিষয়টিকে চমৎকার হিসেবে দেখছেন ক্রিস ওয়াট। তিনি বলেন, "যখন আমি আর জন একসঙ্গে বসলাম, বিষয়টি বেশ মজার হয়ে ওঠে।"
তিনি জানান, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মোবাইল যোগাযোগ আর ডেটার উপর নির্ভরতা বাড়ছে। এ কারণে, এ খাতে সফটওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর আকার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মোবাইল ডিভাইস ব্যবস্থাপনা সফটওয়্যার বাজার ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভাগ হয়ে যাওয়ায়, বড় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে মাইক্রোসফট বাজারে নজর বাড়ানো শুরু করছে বলেও মত দেন তিনি।
গুড টেকনোলজির কেনার ফলে অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য ব্ল্যাকবেরি তাদের সফটওয়্যার উন্নত করতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা।
