৯০ কোটিতে হোয়াটসঅ্যাপ
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে গেছে। হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জ্যান কোওম এ মাইলফলক অতিক্রম করার ঘোষণা দেন।
ছয় বছর আগে যাত্রা শুরু করে অ্যাপটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে টেক্সট, ফোন কল, ছবি আর ভিডিও আদান-প্রদান করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার উপযোগী হওয়ায় অল্পদিনেই জনপ্রিয়তা অর্জন করে অ্যাপটি।
গত দুই বছরে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে যায়। আর ২০১৪ সালে অ্যাপটি কিনে নেয় সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক।
লাভের ক্ষেত্রে অ্যাপটি খুব বেশি সম্ভাবনাময় না হলেও, এর মাধ্যমে ফেইসবুক তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়াচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
চলতি বছরের শুরুতে ফেইসবুকের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড ওয়েনার অ্যাপটিতে লাভজনক ফিচার চালু করার বিষয়ে ইঙ্গিত দেন।
২০১৩ ও ২০১৪ সালে অ্যাপটি কয়েক কোটি ডলার ক্ষতির মুখে পড়েছিল।
