ইউএস ওপেনে ড্রোন বিধ্বস্ত, শিক্ষক আটক
ইউএস ওপেন টেনিস টুর্নামেনন্ট চলাকালে ড্রোন উড়ানোর পর তা বিধ্বস্ত হওয়ায় এক শিক্ষককে আটক করেছে মার্কিন পুলিশ। নিউ ইয়র্কে টুর্নামেন্টের এক ম্যাচ চলাকালে ওই শিক্ষক ড্রোন উড়ায় আর তা বিধ্বস্ত হয়ে খালি আসনগুলোতে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২৬ বছর বয়সী ডেনিয়েল ভেরলে নামের ওই শিক্ষককে ঝুঁকিপূর্ণভাবে অননুমোদিত জায়গায় ড্রোন চালানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় টেনিস ম্যাচ বিঘ্নিত হলেও, কেউ এতে আঘাতপ্রাপ্ত হন নি বলে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ম্যাচের এক খেলোয়াড় এ ঘটনায় বেশ ভালোই ভয় পেয়েছেন। সে মূহুর্তের অনুভূতি প্রকাশ করতে য়ে তিনি গিয়ে তিনি বলেন, "দুনিয়ার সব কিছুর সঙ্গে আমি ভেবেছিলাম, সব শেষ।"
১০ হাজার আসনের স্টেডিয়ামটির ওই পাশ তখন খালি ছিল আর নিচে পড়ার পর ড্রোনটি টুকরো টুকরো হয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা।
