২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল টিভিতে চিন্তিত নন নেটফ্লিক্স প্রধান

প্রযুক্তিপণ্যের বাজারে নতুন গুজব, ‘অ্যাপল টিভি’র জন্য নিজস্ব কনটেন্ট নির্মাণ করতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপল সত্যিই নিজস্ব কনটেন্ট নির্মাণ শুরু করলে বাজারে নতুন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স। তবে অ্যাপলের মুখোমুখি হওয়ার আশংকাতে মোটেই বিচলিত নয় নেটফ্লিক্স সিইও রিড হেস্টিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2015, 11:06 AM

Updated : 26 Jul 2022, 12:05 PM

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হেস্টিংস বলেন, “অনেকেই নিজস্ব অনুষ্ঠান তৈরি করছে। এইচবিও করছে, এফএক্স করছে। বিশ্বব্যাপী যে পরিমাণ টেলিভিশন কনটেন্ট তৈরি হয় সে তুলনায় একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি টিভি অনুষ্ঠান তেমন কোনো বড় ব্যাপার নয়।” 

অ্যাপল আসলে কী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে তা পরিষ্কার নয়। তবে মার্কিন প্রতিষ্ঠানটি যে বিনোদন শিল্পের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে গোপনে যোগাযোগ করছে সে বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছে সিএনএন।

সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নতুন টিভি শো আর সিনেমায় বিনিয়োগ করার সম্ভাবনা বিবেচনা করে দেখছে অ্যাপল। হলিউডি স্টুডিওগুলোর কাছ থেকে কনটেন্ট কেনার জন্য নতুন ক্রেতা হিসেবেও আত্মপ্রকাশ করতে পারে প্রতিষ্ঠানটি। তবে সব আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে বলে জানিয়েছে ওই সূত্র।

অন্যদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জাপানে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে নেটফ্লিক্সের। চীন ও ভারত সহ ২০১৬ সালের মধ্যে এশিয়ার সবগুলো দেশে নেটফ্লিক্সের সেবা চালু করার লক্ষ্য রয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন হেস্টিংস।