২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও পাইরেসি বন্ধে ফেইসবুকে নতুন টুল

ভিডিও পাইরেসি বন্ধে বিশেষ টুল উন্মোচন করতে যাচ্ছে সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। বিবিসি জানিয়েছে, এই নতুন টেকনোলজির মাধ্যমে নির্মাতা তার ভিডিও বিনা অনুমতিতে ফেইসবুকে পুনরায় পোস্ট করা হচ্ছে কিনা তা জানতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2015, 03:42 PM

Updated : 22 Aug 2022, 01:08 PM

বিজ্ঞাপন ও গবেষণা সংস্থা অগিলভি’র মতে ফেইসবুকে জনপ্রিয় ভিডিওর ৭৩ শতাংশই  অন্য ওয়েবসাইট থেকে চুরি করে পোস্ট করা হয়।

বিবিসি জানিয়েছে, এই বছরের জুলাইয়ে কনটেন্ট প্রদানকারীদের সঙ্গে বিজ্ঞাপন মুনাফা শেয়ারের মত গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়া হলেও ভিডিও পাইরেসি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফেইসবুক।

হাঙ্ক গ্রিন এবং ব্র্যাডি হারানের মত জনপ্রিয় ইউটিউবার ও ভিডিও নির্মাতারা এই পাইরেসির বিরুদ্ধে ফেইসবুকের নিষ্প্রভ ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এই অবস্থায় ভিডিও পাইরেসি বন্ধে পূর্ণাঙ্গ ভিডিও ম্যানেজম্যান্ট সিস্টেমের ঘোষণা দিল ফেইসবুক।

ফেইসবুকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই ম্যাচিং টুল সল্প সময়ের মধ্যে নিঁখুতভাবে কয়েক লক্ষ ভিডিও পরীক্ষা করে দেখতে পারে।

এই টুলটির মাধ্যমে ইউটিউবের কনটেন্ট আইডি সিস্টেমের মত বিনা অনুমতিতে প্রকাশিত ভিডিও স্বয়ংক্রিয়ভাবে  ব্লক করা যাবে না।

তবে কোনো ভিডিও বিনা অনুমতিতে ফেইসবুকে পুনরায় পোস্ট করা হলে প্রকৃত প্রকাশক তা অপসারণের জন্য ফেইসবুক বরাবর রিপোর্ট করতে পারবেন।

এ ছাড়া কোনো ভিডিওতে অন্য কনটেন্টের ক্ষুদ্র কোন অংশও বিনা অনুমতিতে ব্যবহার করা হলে ম্যাচিং টুলটি তা শনাক্ত করতে পারবে বলে জানিয়েছে বিবিসি।