টাওয়ার সংযুক্ত করবে সুইমিং পুল
যুক্তরাজ্যের লন্ডনে দুটি দশ তলা টাওয়ারকে সংযুক্ত করতে মাটি থেকে ৩৫ মিটার উচ্চতায় ‘স্কাই পুল’ নামে এক অভিনব সেতু তৈরি করা হবে। স্কাই পুলটি হবে আদতে ২৫ মিটার দৈর্ঘ্যের একটি সুইমিং পুল।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পৃথিবীতে এ ধরনের অভিনব সেতু এবারই প্রথম তৈরি করা হচ্ছে।
স্কাই পুল তৈরি করছে আয়ারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ব্যালিমোর গ্রুপ। আর এটি তৈরির প্রকৌশলী দায়িত্বে রয়েছে একারসলি ও’কালাহান। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গেও এ প্রতিষ্ঠানটির কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
পরিকল্পনা অনুসারে, স্কাই পুলের অন্যান্য অংশের পাশাপাশি তলদেশও স্বচ্ছ্ব হবে। তবে স্বচ্ছ্ব কাঠামো তৈরিতে কাঁচের পরিবর্তে অ্যাক্রেলিক ব্যবহার করা হবে বলে জানিয়েছেন একারসলি ও’কালাহানের প্রকৌশলী ব্রায়ান একারসলি।
কাঠামোতে অ্যাক্রেলিক ব্যবহার প্রসঙ্গে একারসলি জানিয়েছেন, অ্যাক্রেলিকের সাহায্যে স্কাই পুলে যে ধরনের স্বচ্ছ্বতা তৈরি করা সম্ভব তা কাঁচের মাধ্যমে সম্ভব নয়। তিনি আরও জানিয়েছেন, স্কাই পুল তৈরির পর পুলের পানি পরিশোধনের মাধ্যমে অ্যাক্রেলিকের আভ্যন্তরীন অংশ পরিষ্কার রাখা সম্ভব হবে। কিন্তু বাহ্যিক অংশের ব্যাপারে কাঁচ যে প্রচলিত নিয়মে পরিষ্কার করা হয়, সে পদ্ধতি অবলম্বন করতে হবে।
বিবিসির তথ্য অনুযায়ী, স্কাই পুলের নির্মাণ কাজ ২০১৯ সাল নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
