২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে স্মার্টফোন বিক্রি কমেছে

স্মার্টফোনের বিক্রির হার ক্রমশ হ্রাস পাচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি চীনে। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনে স্মার্টফোনের বিক্রি হ্রাস পেয়েছে ৪ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 04:29 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

গার্টনার-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চীনে স্মার্টফোন বিক্রির হার সার্বিকভাবে হ্রাস পেলেও প্রতিষ্ঠানভেদে বর্তমান পরিস্থিতি ভিন্ন। গ্যালাক্সি এস৬ স্মার্টফোন বাজারজাত করার পরও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারে স্যামসাংয়ের তৈরি স্মার্টফোনের বিক্রির হার কমেছে ৪৯ শতাংশ। লেনোভোর নির্মিত স্মার্টফোনগুলোও সুবিধা করে উঠতে পারছে না চীনের বাজারে। কিন্তু নতুন কোনো মডেল বাজারে না এলেও অ্যাপলের তৈরি আইফোনের বিক্রি বেড়েছে ৬৮ শতাংশ। বিক্রি বেড়েছে হুয়াওয়েইয়ের তৈরি স্মার্টফোনেরও।

চীনে স্যামসাং স্মার্টফোনের বিক্রি হ্রাস সম্পর্কে গার্টনারের পরিচালক আনশুল গুপ্তা বলেন, “শুধু চীনে নয়, বিশ্বের অন্যান্য বাজারেও স্যামসাংয়ের বিক্রি হ্রাস পেয়েছে।” স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রির হার হ্রাস পাওয়ার একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে গ্যালাক্সি এস৬ এজ-এর বাঁকানো স্ক্রিন নির্মাণ জটিলতা, যার কারণে বাজারের চাহিদা অনুযায়ী স্মার্টফোন সরবরাহ করতে পারেনি স্যামসাং।

অন্যদিকে চীনের স্মার্টফোন বাজার নিয়ে একেবারে বিপরীতমুখী তথ্য দিচ্ছে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স নামের আরেকটি গবেষণা প্রতিষ্ঠান। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চীনে স্মার্টফোনের বিক্রি ৩ শতাংশ বেড়েছে। তবে ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ২৯ শতাংশ বৃদ্ধির তুলনায় তা নিতান্তই কম।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স-এর পরিচালক নিল মাস্টন স্মার্টফোন নির্মাতাদের মধ্যে সৃজনশীলতার অভাবকে বিক্রি হ্রাসের কারণ বলে মত প্রকাশ করেছেন। মাস্টনের মতে, চীনের নাগরিকদের প্রায় ৫০ শতাংশ এখন স্মার্টফোন ব্যবহার করছেন। বেইজিংয়ের মতো প্রধান শহরগুলোতে প্রায় সবার কাছেই স্মার্টফোন আছে। সব মিলিয়ে স্মার্টফোনের প্রতি গ্রাহক আগ্রহে কিছুটা হলেও ভাটা পরেছে।

বিশ্ববাজারে বিক্রি হওয়া স্মার্টফোনের ৩০ শতাংশ বিক্রি হয় চীনে। তাই দেশটিতে স্মার্টফোনের বিক্রি হ্রাস সকল নির্মাতা প্রতিষ্ঠানের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বিবিসি।