২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজ লিংক সরাতে হবে গুগলকে

‘রাইট টু বি ফরগটেন’ আইনের অধীনে ওয়েব সার্চ রেজাল্ট থেকে ৯টি নিউজ লিংক মুছে দেওয়ার জন্য গুগলেক আদেশ দিয়েছে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও)।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

আইসিও জানিয়েছে, এক ব্রিটিশ নাগরিকের ‘ছোটখাট অপরাধ’- নিয়ে অনলাইনে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনের লিংক গুগলের ওয়েব সার্চ থেকে মুছে দেওয়া হয়েছিল আদালতের নির্দেশে। পরবর্তিতে ওই নিউজ লিংক সরানোর ঘটনাকে কেন্দ্র করেই আবারও একাধিক সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় অনলাইনে।

পরের বারের ওই নিউজ লিংকগুলোই মুছে দেওয়ার জন্য গুগলকে নির্দেশ দিয়েছে  আইসিও। ওই ব্রিটিশ নাগরিকের নাম লিখে গুগল সার্চ করলে এখনও ওই লিংকগুলো পাওয়া যায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে আইসিও জানিয়েছে, লিংকগুলো মুছে দিতে বলার পরেও তাতে সাড়া দেয়নি গুগল। ওই ব্যক্তির নাম লিখে ‘সার্চ’ করলেই ওই লিংকগুলো পাওয়া যাচ্ছে যা ডেটা সুরক্ষা আইনের পরিপন্থী।

এ প্রসঙ্গে আইসিও ডেপুটি কমিশনার ডেভিড স্মিথ বলেন, “আদালতের আদেশে লিংকগুলো সরানো নিয়ে সংবাদমাধ্যমগুলো যে লিখতে চাইবে এই ব্যাপারটি আমরা বুঝি। আর আমরা এটাও বুঝি যে, গুগলের মতো সার্চ ইঞ্জিনে এই প্রতিবেদনগুলো খোঁজা মানুষের দরকার হতে পারে। কিন্তু তার মানে এই নয় আসল নাম দিয়ে সার্চ দিলেই প্রতিবেদনগুলোর লিংক চলে আসা জরুরী।”

১৮ অগাস্ট লিংকগুলো সরানোর জন্য গুগলকে আদেশ দেয় আইসিও। এ জন্য ৩৫ দিন সময় পাবে গুগল। তবে এ প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।