২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার স্যামসাং পে

নিজস্ব মোবাইল ওয়ালেট সার্ভিস ‘স্যামসাং পে’ চালু করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। বলা হচ্ছে স্যামসাংয়ের এই মোবাইল ওয়ালেট সেবার অভিষেকে নতুন মাত্রা পাবে স্যামসাং বনাম অ্যাপল দ্বৈরথ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বিবিসি জানিয়েছে, শুরুতে কেবল দক্ষিণ কোরিয়ার বাজারে অভিষেক হলেও সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র এবং এরপর চীন, স্পেন এং যুক্তরাজ্য সহ বিশ্বের অন্যান্য দেশে খুব শীঘ্রই চালু হবে স্যামসাং পে সেবা।

অ্যাপল নিজস্ব মোবাইল ওয়ালেট সার্ভিস ‘অ্যাপল পে’ চালু করেছিল ২০১৪ সালে। এক বছর পরে কেবল যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের ব্যবহারকারীরা পাচ্ছেন অ্যাপল পে সেবা। সেই তুলনায় ‘স্যামসাং পে’ নিয়ে স্যামসাং বিশ্ববাজারে ‘আক্রমণাত্মক’ কৌশল নিয়ে আগাবে বলে জানিয়েছে বিবিসি। উভয় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, ক্রেতাদের প্রতিষ্ঠানগুলোর তৈরি স্মার্টফোন ব্যবহারে উৎসাহী করে তোলা।

স্যামসাংয়ের এই নতুন মোবাইল ওয়ালেট সেবা বাজারের শীর্ষ দুই প্রতিষ্ঠান অ্যাপল ও গুগল উভয়ের থেকে বেশি সংখ্যক পেমেন্ট টার্মিনালের সঙ্গে কাজ করবে। তবে এই সেবা ব্যবহারের জন্য প্রয়োজন হবে স্যামসাংয়ের ফ্লাগশিপ স্মার্টফোনের সর্বশেষ ৪টি মডেল, গ্যালাক্সি এস৬, গ্যালাক্সি এস৬এজ, গ্যালাক্সি এস৬এজ প্লাস, এবং গ্যালাক্সি নোট ৫।

আঙুলের ছাপের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করবে স্যামসাং পে। ‘অ্যাপল পে’-এর মতো ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি)’ ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে স্যামসাং পে। এছাড়াও ম্যাগনেটিক স্ট্রিপ রিডারের সঙ্গেও কাজ করবে স্যামসাংয়ের পেমেন্ট সেবা।