২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক্ষা গোলাপী আইফোন ৬এস-এর!

সেপ্টেম্বর মাস যতই এগিয়ে আসছে ততই যেন বাড়ছে নতুন আইফোন নিয়ে গুজবের সংখ্যা। সর্বশেষ অগাস্ট মাসের তৃতীয় বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পরেছে গোলাপী রঙের তথাকথিত আইফোন ৬এস-এর খবর। এক চীনা সাইটে পোস্ট করা হয়েছে সেই গোলাপী আইফোনের ছবিও।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

ম্যাশএবল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সাইটটিতে যে ছবিগুলো পোস্ট করে গোলাপী আইফোন ৬এস বলে দাবি করা হচ্ছে সেই ছবিগুলো ফটোশপে তৈরি হলেও অবাক হওয়ার মতো কিছু হবে না। তবে ওই একই সাইটে ছবির ডিভাইসটিকে আইফোন হিসেবে চিহ্নিত করে চলতি প্রচারণার কারণে ছবিগুলোকে নেহাতই ভুয়া বলে উড়িয়ে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে অনেককেই।

আগের গোল্ড, স্পেস গ্রে আর সিলভার কেসিংয়ের সঙ্গে এবার ‘পিংক’ যোগ হলে ব্যাপারটা বেখাপ্পা হবে না বলেই মন্তব্য করেছে ম্যাশএবল। তবে একই সঙ্গে এতে অ্যাপল পণ্যের ‘অভিজাত’ ডিজাইনিংয়ের প্রথা ভঙ্গ হবে বলে মত সাইটটির।

আসল-নকল যাই হোক না কেন, উত্তরের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না আইফোন ভক্তদের। সব প্রত্যাশা মতো এগোলে ৯ সেপ্টেম্বরেই উন্মোচন হবে নতুন আইফোন। গোলাপী আইফোন ৬এস আদৌ সত্যি কি না, জানা যাবে তাৎক্ষণিক।