২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণাত্নক গেইম আগ্রাসী বানায়

সম্প্রতি এক গবেষণায় দাবী করা হয়েছে, আক্রমণাত্নক ভিডিও গেইম আগ্রাসী মনোভাব সৃষ্টিতে ভূমিকা রাখে। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

এক প্রতিবেদনে স্কাই নিউজ জানিয়েছে, গবেষণার প্রয়োজনে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ) ২০০৫ থেকে ২০১৩ এর মধ্যবর্তী সময়ে প্রকাশিত তিনশ’রও বেশি আক্রমণাত্নক ভিডিও গেইমের প্রতিবেদন পর্যালোচনা করেছে।

বিষয়টি নিয়ে এপিএ-এর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় আক্রমণাত্নক ভিডিও গেইমের ব্যবহারের সঙ্গে আগ্রাসী আচরণ, বোধশক্তি, অনুভুতি বৃদ্ধি এবং সামাজিক আচরণ, সহানুভূতি, আগ্রাসী মনোভাবের প্রতি সংবেদনশীলতা হ্রাসের    মধ্যে যে সঙ্গত সম্পর্ক রয়েছে তা তুলে ধরা হয়েছে।

এ ছাড়াও এপিএ তাদের প্রতিবেদনে আমেরিকান গেইম রেটিং সংস্থাকে বর্তমান ভিডিও গেইম রেটিং প্রক্রিয়াটি আপডেট করার ব্যাপারে অনুরোধ করেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ভিডিও গেইম খেলার কারণে কোনো মানুষ অপরাধমূলক কার‌্যক্রমে জড়িয়ে পড়তে পারেন কিনা, সে বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে ব্রিটিশ মনোবিজ্ঞানী ডক্টর জেইন ম্যাকার্টনি জানিয়েছেন, যদিও প্রতিবেদনটি যথেষ্ট গবেষণার পর তৈরি করা হয়েছে, তবুও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এমনকি স্বয়ং এপিএ-ও জানিয়েছে, এর বিভিন্ন বিতর্কিত বিষয়ের গভীরে যাওয়ার জন্য আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

অন্যদিকে গবেষণাটিকে সহজভাবে নিতে পারেনি অনেক প্রো-গেইমিং গ্রুপ। তাদের ভাষ্য অনুযায়ী, যারা গবেষণাটি করেছেন, তারা অ্যান্টি-গেইমার হিসেবে পরিচিত এবং গবেষণার সময় শুধু ফলাফলের সঙ্গে প্রাসঙ্গিক হবে এমন তথ্যই তারা ব্যবহার করেছেন।

গেইমিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এমন অনেক প্রতিষ্ঠানও প্রতিবেদনটির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে। এ প্রসঙ্গে ইউকে ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, “এ প্রতিবেদনটিও আগের প্রতিবেদনগুলোর মতো ভিডিও গেইম ও আগ্রাসী মনোভাবের মধ্যে তেমন কোনো সম্পর্ক দেখাতে পারেনি এবং গেইম ও বাস্তব জীবনের হিংস্রতার মধ্যে সুনির্দিষ্ট কোনো সম্পর্ক দেখাতে ব্যর্থ হয়েছে।”