২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে আসছে ‘আর্থ ওভারশুট ডে’

আনুমানিক হিসেব অনুযায়ী, চলতি বছরের ১৩ অগাস্ট প্রকৃতির সম্পূর্ণ বছরের ‘বায়োক্যাপাসিটি’ বাজেট শেষ করে ফেলেছে মানুষ। অর্থাৎ, এ বছরের জন্য প্রাকৃতিকভাবে যেটুকু সম্পদ উৎপাদন হয়েছিল, সেটি খরচ করে ফেলেছে মানবজাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ওয়্যার্ড ডটকম জানিয়েছে, ১৯৭০ সাল থেকে বছরের ঠিক কোন সময়টিতে মানবজাতি প্রাকৃতিক রসদ ভোগ করে শেষ হচ্ছে, তা হিসেব করে আসছে গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক।

রসদ ফুরিয়ে যাওয়ার দিনটিকে ‘আর্থ ওভারশুট ডে’ হিসেবে ধরা হয়ে থাকে। ১৯৭০ সালে প্রাকৃতিক রসদ শেষ হয়ে গিয়েছিল ২৩ ডিসেম্বর। ১৯৭০ থেকে ২০১৫ এর মধ্যে ডিসেম্বর থেকে অগাস্টে চলে এসেছে ‘আর্থ ওভারশুট ডে’।

প্রকৃতি উৎপাদিত বার্ষিক রসদ শেষ হয়ে যাওয়ার পেছনের বিভিন্ন কারণ হচ্ছে, বনাঞ্চল কমে যাওয়া, বিশুদ্ধ পানির ঘাটতি, মাটির উর্বরতা হ্রাস, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ইত্যাদি।

এ প্রসঙ্গে গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্কের প্রেসিডেন্ট ম্যাথিস ওয়াকারন্যাগেল জানিয়েছেন, ১৯৭০ থেকে ২০১৫ এর মধ্যে শুধু মানুষেরই কার্বন ফুটপ্রিন্ট বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। এভাবে চলতে থাকলে, ২০৩০ সালে ‘আর্থ ওভারশুট ডে’ হবে ২৮ জুন।

তবে কার্বন নির্গমন মাত্রা বর্তমান থেকে ৩০ শতাংশ কমিয়ে আনতে পারলে ২০৩০ সালে প্রকৃতি উৎপাদিত রসদ শেষ হবে ১৬ সেপ্টেম্বর। প্রতিবছর পৃথিবী কতটুকু সম্পদ উৎপাদন করতে পারছে এবং তা কত দ্রুত শেষ হচ্ছে, সেটির ভিত্তিতে এই হিসাবটি করা হয়।

প্রতিবছর বিভিন্ন দেশে বিভিন্ন মাসে রসদ শেষ হয়। সেগুলোর মধ্য থেকে হিসেব করে বের করা হয় আনুমানিক আর্থ ওভারশুট ডে। কোনো দেশের রসদ আগে, আবার কোনো দেশের রসদ পরে শেষ হয়। এসব থেকে জানা যায়, কোন দেশে প্রকৃতি উৎপাদিত রসদ কেমন হারে খরচ হচ্ছে।