আসতে পারে ‘অ্যাপল গাড়ি’!
অ্যাপলের গাড়ি তৈরির গুজব সত্য হতেও পারে; বিষয়টি সম্পর্কে আংশিক প্রমাণ পেয়েছে বিলেতি দৈনিক গার্ডিয়ান। সম্প্রতি সংবাদমাধ্যমটি অ্যাপল প্রকৌশলী ফ্র্যাংক ফিয়ারন ও গোমেন্টাম স্টেশন নামের এক গাড়ি পরীক্ষা সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে বিনিময় হয়েছে এমন চিঠি প্রকাশ করেছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অ্যাপল গাড়ি সংক্রান্ত প্রকল্পে হাত দিয়েছে তা জানা গেলেও, প্রতিষ্ঠানটি নিজেই গাড়ি তৈরি করছে নাকি গাড়ির জন্য সফটওয়্যার তৈরি করছে সে বিষয়টি গার্ডিয়ানে প্রকাশিত চিঠি থেকে বোঝা সম্ভব হয়নি।
এখন পর্যন্ত অ্যাপল ‘প্রজেক্ট টাইটান’ নামের একটি প্রকল্পে, গাড়ি নির্মাণ শিল্প থেকে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে এ তথ্যই সংবাদমাধ্যমগুলোর কাছে রয়েছে বলে জানিয়েছে বিবিসি। উল্লেখ্য, অ্যাপল আনুষ্ঠানিকভাবে এখনও ‘প্রজেক্ট টাইটান’-এর ব্যাপারে নিশ্চিত করেনি। কিন্তু সম্প্রতি প্রকাশিত চিঠির বদৌলতে এ ধরনের একটি প্রকল্প যে চলছে, সে বিষয়টি পরিষ্কার বলেই জানিয়েছে বিবিসি।
মে মাসে গোমেন্টাম স্টেশনের উদ্দেশ্যে ফিয়ারনের লেখা চিঠিতে রয়েছে, তারা সময় ও স্থানের ব্যাপারে জানতে আগ্রহী। এ ছাড়া ফিয়ারনের চিঠিতে আরও লিখেছেন, তারা কয়েকটি পরীক্ষা স্থানের নকশা, ছবি এবং ওই স্থানগুলো কীভাবে ব্যবহার করা যাবে, সে সম্পর্কিত বিস্তারিত তথ্যের একটি প্রেজেন্টেশন আশা করছেন। বিবিসি’র তথ্য অনুযায়ী, অ্যাপল প্রকৌশলী ফিয়ারন নিজেও একজন স্বয়ংক্রিয় গাড়ি বিশেষজ্ঞ।
বিবিসি ধারণা করছে, প্রকল্পের গোপনীয়তা বজায় রাখতে গোমেন্টাম ও অ্যাপল ‘নন-ডিসক্লোজার’ চুক্তিতে আবদ্ধ। তবে গোমেন্টাম জানিয়েছে, অ্যাপল এ বিষয়ে আগ্রহী।
