প্রজেক্ট আরা নিয়ে নতুন পরিকল্পনা
প্রজেক্ট আরা নিয়ে নতুন পরিকল্পনা করছে ওয়েব জায়ান্ট গুগল। নিজ হাতে বিভিন্ন যন্ত্রাংশ যুক্ত করে ব্যবহারকারীরা যাতে নিজেরাই বিশেষ মডিউলার ফোন তৈরি করতে পারেন এমন উদ্যোগ নেয়া হয়েছিল এ প্রকল্পটিতে।
এক প্রতিবেদনে সিনেট জানিয়েছে, বিশেষ এ মডিউলার ফোনটি পুয়ের্তো রিকোতে পরীক্ষামূলকভাবে লঞ্চ করার পরিকল্পনা করেছিল গুগল।
বছরের শুরুতে এ পরিকল্পনার কথা জানালেও এখন এসে পরিকল্পনা পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি। গুগলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, মডিউলার ফোনটি পুয়ের্তো রিকোতে লঞ্চ করা হচ্ছে না।
পুয়ের্তো রিকোতে ফোনটি পরীক্ষামূলকভাবে লঞ্চ করার কারণ হিসেবে গুগল জানিয়েছিল, দ্বীপটি পরীক্ষামূলক বাজার হিসেবে আদর্শ। পুয়ের্তো রিকোতে যথেষ্ট পরিমাণে স্মার্টফোন ও বেসিক-ফোন ব্যবহারকারী রয়েছে এবং সেখানের ৭৫ শতাংশ ব্যবহারকারী মোবাইল ডিভাইসেই ইন্টারনেট ব্যবহার করেন।
বর্তমানে ভিন্ন এক পরিকল্পনা করছে গুগল। তবে নতুন ওই পরিকল্পনার ব্যাপারে এখনও তেমন কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। এমনকি ভবিষ্যতে কোন বাজারে মডিউলার ফোনটি লঞ্চ করা হতে পারে, সে বিষয় সম্পর্কিত কোনো তথ্যও জানা যায়নি বলেই জানিয়েছে সিনেট।
বৃহস্পতিবার আরা প্রকল্পের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, পরিকল্পনা বিষয়ক পরিবর্তনটি এক ধরনের ‘মার্কেট পাইলট রি-রুট’ এবং এর কৌশল পুনরায় বিবেচনা করা হচ্ছে।
