২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনোভোতে ছাটাই ৩ সহশ্রাধিক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পিসির বাজার থেকে আয়ের পরিমাণ আশানরূপ না হওয়ায় ৩ হাজার ২শ’ কর্মী ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে লেনোভো। এর ফলে বিশ্বের বৃহত্তম পিসি নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা হ্রাস পাবে ৫ শতাংশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 05:39 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ৭০ কোটি মার্কিন ডলার আয় করেছে লেনোভো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি। কিন্তু বিশ্ববাজারে পিসির চাহিদা ক্রমশ হ্রাস পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে ভুগছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে লেনোভোর সিইও ইউয়ানকিং ইয়াং বলেন, “গত কয়েক বছরের মধ্যে শেষ প্রান্তিকটি ছিল আমাদের জন্য সবচেয়ে কঠিন। প্রাতিষ্ঠানিক দীর্ঘস্থায়ীত্ব এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য ব্যবসার প্রতিটি ক্ষেত্রেই আমাদের সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে হবে।”

৫ শতাংশ কর্মী ছাটাইয়ের ফলে বেতন-ভাতা খাতে লেনোভোর বার্ষিক খরচ প্রায় ১৩৫ কোটি ডলার বেঁচে যাবে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি জড়িত নন, এমন কর্মীদের বাদ দিলে উৎপাদন খাতের ১০ শতাংশ কর্মী ছাটাই করছে প্রতিষ্ঠানটি। গেল প্রান্তিকে লেনোভোর মুনাফার পরিমাণ হ্রাস পেয়েছে প্রায় ৫০ শতাংশ।