২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডোমেইন জটিলতায় অ্যালফাবেট

সম্প্রতি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি এখন কাজ করবে সার্গেই ব্রিন আর ল্যারি পেইজের নেতৃত্ত্বাধীন ‘অ্যালফাবেট ইনকর্পোরেটেড’-এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 05:27 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

কিন্তু শুরুতেই ডোমেইন নিয়ে বিপাকে পরেছে অ্যালফাবেট। ‘অ্যালফাবেট ডটকম’ নামের ডোমেইনটি আগে থেকেই কিনে রেখেছে অটোমোবাইল নির্মাতা বিএমডব্লিইউ।

অ্যালফাবেট নিজস্ব ডোমেইন হিসেবে ব্যবহার করছে এবিসি ডটএক্সওয়াইজেড (abc.xyz)। আর অদূর ভবিষ্যতে ‘অ্যালফাবেট ডটকম’ ডোমেইন বিক্রি করার কোনো পরিকল্পনাও নেই বলে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন বিএমডব্লিইউয়ের এক মুখপাত্র।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ‘অ্যালফাবেট’ নামটির ব্যবহারের মাধ্যমে ট্রেডমার্ক লঙ্ঘন হচ্ছে কি না সেটাই যাচাই করে দেখছে বিএমডব্লিইউ। তবে এখনই কোনো আইনী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না এই অটোমোবাইল নির্মাতা।

রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে একশ’রও বেশি প্রতিষ্ঠান তাদের নামে ‘অ্যালফাবেট’ শব্দটি কোনো না কোনো ভাবে ব্যবহার করছে। আছে @Alphabet টুইটার অ্যাকাউন্টও।

অন্যদিকে গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ জানিয়েছেন, অ্যালফাবেট নামটি ব্যবহার করে পণ্য বাজারজাত করা হবে না। তাই গুগলের মতো গ্রাহকমুখী প্রতিষ্ঠান হবে না এটি।