ইয়াহুতেই আক্রান্ত ইয়াহু ব্যবহারকারীরা
ইন্টারনেট জায়ান্ট ইয়াহু’র নিজস্ব বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকেই সাইটটির ব্যবহারকারীরা বড় আক্রমণের শিকার হচ্ছিলেন। অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘ম্যালওয়্যারবাইটস’ প্রথম এ সমস্যাটি চিহ্নিত করে ইয়াহুকে বিষয়টি সম্পর্কে অবগত করে।
এক প্রতিবেদনে ইয়াহু জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহন করেছে এবং ‘ম্যালভার্টাইজিং’ ক্যাম্পেইন বন্ধ করে দিয়েছে।
ইয়াহুর তথ্য অনুযায়ী, ফ্ল্যাশ এর আনপ্যাচড সংস্করণের ত্রুটির জন্যই ব্যবহারকারীরা এই আক্রমণের শিকার হচ্ছিলেন। প্রতি মাসে আনুমানিক মোট ছয়শ’ ৯০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ইয়াহুর বিভিন্ন সাইট ভিজিট করে থাকেন। সে হিসেবে, যদি শতকরা স্বল্প কিছু সংখ্যক ব্যবহারকারীর কম্পিউটারেও ম্যালওয়্যার ইনস্টল হয়ে থাকে, তাহলেও ধরে নিতে হবে লাখখানেক ব্যবহারকারী এই ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছেন।
ম্যালভার্টাইজিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর কোনো সাহায্য ছাড়াই এটি কম্পিউটারে নিজেকে ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারে এবং এটি কম্পিউটারে র্যানসমওয়্যার নামেরও একটি ম্যালওয়্যার ইনস্টল করতে সক্ষম। র্যানসমওয়্যার ব্যবহারকারীর প্রয়োজনীয় ফাইল লক করে দেয় এবং পরবর্তীতে সাইবার অপরাধীকে মুক্তিপণ দেওয়ার বিনিময়ে সে ফাইলগুলো উদ্ধার করতে হয়।
এ ধরনের ম্যালওয়্যার আক্রমণ থেকে বাঁচার জন্য তিনটি উপায়ের কথা বলেছেন মেনলো সিকিউরিটির সিটিও কৌশিক গুরুস্বামী-
১. এন্ডপয়েন্ট থেকে ফ্ল্যাশ ডিসএবল করে দেওয়া।
২. ওয়েব ট্রাফিক আলাদা করে ফেলা, যাতে ম্যালিসাস কনটেন্ট কখনই এন্ডপয়েন্টে পৌঁছাতে না পারে।
৩. ফ্ল্যাশ এনাবল রেখেই ওয়েব ব্রাউজ করা এবং আশা করা যে আক্রমণ এড়ানো সম্ভব হয়েছে।
এ ছাড়াও আক্রমণ এড়াতে গুগল ক্রোমের মতো যেসব ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশের স্যান্ডবক্স ও প্যাচ আপডেট করে থাকে, সেরকম ব্রাউজারও ব্যবহার করতে পারেন ইয়াহু ব্যবহারকারীরা।
