ডেটা স্ক্র্যাম্বলিং প্রক্রিয়ায় দুর্বলতা
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, ওয়েব সার্ভারে ব্যবহৃত ডেটা স্ক্র্যাম্বলিং পদ্ধতি যতটা শক্তিশালী হওয়ার কথা, সে তুলনায় এটি যথেষ্টই দুর্বল। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের লাখো ওয়েব সার্ভারে এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ডেটা এনক্রিপ্ট করতেই সার্ভারে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে।
গবেষকদের তথ্য অনুযায়ী, যে কম্পিউটারগুলো থেকে ডেটা স্ক্র্যাম্বলিং প্রক্রিয়ার র্যা ন্ডম নম্বরগুলো সংগ্রহ করা হয়, সেগুলো অনেক সময় নম্বর ঠিকভাবে দিতে পারে না। গবেষকদের ভাষ্য অনুযায়ী, সম্পূর্ণ প্রক্রিয়ার শুধু এই ত্রুটির কারণেই সাইবার আক্রমণ চালানো এবং ব্যক্তিগত ডেটার নিরাপত্তা লংঘন করা সম্ভব।
নিরাপত্তা বিশ্লেষক ব্রুস পটার এবং গবেষক সাশা মুর যৌথভাবে এই গবেষণাটি করেছেন। এ প্রসঙ্গে পটার জানিয়েছেন, গবেষণার শুরুতে সমস্যাটিকে আকর্ষণীয় মনে হলেও, পরবর্তীতে একে মনে হয়েছে “ভয়াবহ”।
বিবিসি’র তথ্য অনুযায়ী, ডেটা এনক্রিপ্ট করার জন্য বৃহৎ এবং অনুমান করা কঠিন এমন নম্বর প্রয়োজনীয়। সার্ভার মূলত কম্পিউটারের মাউস ও কিবোর্ডের ব্যবহার থেকে এ ধরনের র্যা ন্ডম নম্বর সংগ্রহ করে এবং ওই ডেটাগুলোকে একটি স্থানে একত্রিত করে যা ‘পুল’ নামে পরিচিত। আর এ ডেটা সমৃদ্ধ পুলকে ‘এনট্রোপি’ বলা হয়ে থাকে।
পটার জানান, মেশিন যথেষ্ট পরিমাণে তথ্য সংগ্রহ না করায় অধিকাংশ সময়ই দেখা যায় সার্ভারে ডেটার এনট্রোপি স্ট্রিম বেশ কম। তিনি আরও জানান, সার্ভারের নিরাপত্তা সফটওয়্যার গুরুত্বের সঙ্গে ডেটা এনট্রোপি স্ট্রিম বেশি নাকি কম তা পরীক্ষা না করায় ত্রুটিটি সেভাবে ধরা পড়ে না।
