বার্ডস নয়, ভক্তরাই এখন ‘অ্যাংরি’
সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব হলেও ‘ইন-অ্যাপ পারচেস’ ফিচারের কারণে খেপেছেন অ্যাংগ্রি বার্ডস ২-এর গেইমাররা। বর্তমানে জনপ্রিয় গেইমটির নিয়মিত গেইমারের সংখ্যা এক কোটিরও বেশি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গেইমটি খেলার সময় অতিরিক্ত লাইফের সুবিধা পেতে গেইমারদের ‘জেমস’ সংগ্রহ করতে হয়। বিভিন্ন উপায়ে এসব ‘জেমস’ সংগ্রহ করা সম্ভব হলেও, এগুলো সংগ্রহের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ‘ইন-অ্যাপ পারচেজ’-এর মাধ্যমে গাঁটের পয়সা খরচ করে কিনে নেওয়া।
‘ইন-অ্যাপ পারচেজ’ ইসুতে অ্যাংগ্রি বার্ডস ২-এর নির্মাতা প্রতিষ্ঠান রোভিও জানিয়েছে, যেসব গেইমার ‘অ্যাড-অনস’ কিনছেন না, তারাও কিন্তু বিনামূল্যে গেইমটির ‘পূর্ণ সংষ্করণই’ খেলতে পারছেন। অন্যদিকে সমালোচক এরিক কেইন মনে করছেন, এই ফিচারের ফলে আদতে গেইমাররাই নিরুৎসাহিত হচ্ছেন।
এ প্রসঙ্গে কেইন বলেন, ‘‘বিষয়টিকে ব্যাখ্যা করতে ‘লোভী’ শব্দটি ব্যবহার করা ঠিক হবে না, এটি ব্যাখ্যা করার জন্য ‘নির্বোধ’, ‘বিভ্রান্তিকর’, ‘গবেট’ ইত্যাদি শব্দ রয়েছে। আমার ধারণা, যারা মোবাইল গেইম খেলে থাকেন তারা ইন-অ্যাপ পারচেজ বিষয়টির সঙ্গে পরিচিত। কিন্তু একটি অসম্পূর্ণ গেইমের সিকুয়ালের মাধ্যমে যেভাবে গেইমারদেরকে অর্থ ব্যয় করানোর চেষ্টা চালানো হচ্ছে, তা সত্যিই হতাশাজনক।”
এ প্রসঙ্গে অ্যাংগ্রি বার্ডস ২-এর নির্মাতা প্রতিষ্ঠান রোভিওর ক্রিয়েটিভ ডিরেক্টর প্যাট্রিক লিউ বলেন, “আমরা গেইমারদের গেইমটি খেলার জন্য উৎসাহিত করছি, অর্থ খরচ করার জন্য নয়।
লিউয়ের বক্তব্য-- গেইমাররা চাইলে যাতে অতিরিক্ত সুবিধা পেতে পারেন, সেজন্য এতে ইন-অ্যাপ পারচেজের সুযোগ রাখা হয়েছে। চাইলে কোনো অর্থ খরচ না করেও অ্যাংগ্রি বার্ডস ২ গেইম উপভোগ করা সম্ভব।
