২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল হচ্ছে ইরাকের জাতীয় গ্রন্থাগার

উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী আইএস-এর হাত থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার লক্ষে ইরাকের জাতীয় পাঠাগারকে ডিজিটাইজ করার কাজ শুরু হয়েছে। ২০০৩ মার্কিন আগ্রাসন পরবর্তী ধ্বংসযজ্ঞের পর ক্ষতিগ্রস্থ তথ্যাবলীও সংগ্রহের জন্য চেষ্টা চালাচ্ছেন ইরাকের পাঠাগার কর্তৃপক্ষ আর শিক্ষাবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

ইরাকের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী হিসেবে জাতীয় পাঠাগারটিতে রয়েছে ক্রমান্বয়ে ঘটে যাওয়া সুলতান, রাজা-বাদশা, সামন্তবাদী এবং সমাজতান্ত্রিকদের ইতিহাস। এদিকে, ইসলামিক স্টেটের জঙ্গি যোদ্ধারা ইতিমধ্যেও ইরাকের ইতিহাস এবং সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের তালিকায় রয়েছে আইএস দখলকৃত মসুল শহরে সংরক্ষিত দুর্লভ কিছু বই এবং পাণ্ডুলিপি। ইতিহাসের সাক্ষী এই বইগুলো আইএস এর হাত থেকে রক্ষা করার জন্যই ইরাকে শুরু হয়েছে বই সংরক্ষণ এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়া।

পাঠাগার কার্যালয়ের পেছনে অবস্থিত ডার্ক রুমে চলছে সকল তথ্য এবং তথ্যচিত্র মাইক্রোফিল্মে রূপান্তর করবার কাজ। পাণ্ডুলিপির উপর বিশেষ ধরনের আলো ফেলে কর্মচারীরা এগুলোকে মাইক্রোফিল্মে সংরক্ষণ করছেন। মাইক্রোফিল্ম বিভাগের প্রধান মাজিন ইব্রাহীম ইসমাইল বলেন, “২০০/২৫০ বছর আগের অটোমান সাম্রাজ্যের তথ্যাবলী পুনরূদ্ধার করার পরপরই আমরা এগুলোকে মাইক্রোফিল্মে রূপান্তর করা শুরু করবো।” এছাড়া তিনি আরও জানান, এই ডিজিটাল তথ্যগুলোর উপর ভবিষ্যত আক্রমণের আশঙ্কা থাকায় এখনই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে না।

পুনরূদ্ধারের প্রক্রিয়াটি অনেকটা মাইক্রোসার্জারির মতই। কিছু কিছু পাণ্ডুলিপির কাগজ এতটাই পুরোনো, যা আতোমধ্যেই ছিঁড়ে গিয়েছে। কিছু তথ্যাবলী নষ্ট হয়েছে পুড়িয়ে ফেলা কিংবা কোন গোষ্ঠীর আক্রমণের ফলে। আর কিছু তথ্য একেবারেই পরিণত হয়েছে ফসিলে, তাপমাত্রার আধিক্য এবং রুক্ষতার কারণে।

পুনরূদ্ধার বিভাগের জ্যেষ্ট কর্মী ফাতমা খুদাইর জানান, “এই বইগুলোই সংরক্ষণ করা সবচাইতে কঠিন। আমরা বিশেষ একটি যন্ত্রের মাধ্যমে গরম বাষ্প ব্যবহার করে চেষ্ঠা করি একটি পৃষ্ঠা থেকে অন্য একটি পৃষ্ঠা আলাদা করতে।”

ক্ষতির ব্যাপারটি একবাক্যেই স্বীকার করে নিয়েছেন ফাতমা, “কখনও কখনও আমরা বইগুলোকে উদ্ধার করতে পারি এবং সংরক্ষণের কলা-কৌশল প্রয়োগ করি। কিন্তু ক্ষতিগ্রস্থ অংশটুকু আর পাওয়া সম্ভব হয় না।”

প্রায় ৪৮ ঘন্টা ধরে কৌশলীরা ধুলো এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করে পাণ্ডুলিপি এবং তথ্যাবলী জীবানুমুক্ত করেন। পরবর্তীতে জাপানে তৈরি বিশেষ এক ধরনের টিসু ব্যবহার করে শুরু হয় পুনরূদ্ধার এবং সংরক্ষণ প্রক্রিয়া।

২০০৩ সালে মার্কিন আগ্রাসন চলাকালে এক অগ্নিসংযোগে পুড়ে যায় পাঠাগারটির প্রায় ২৫ শতাংশ বই এবং প্রায় ৬০ শতাংশেরও বেশি আর্কাইভ। এর মধ্যে অটোমান সাম্রাজ্য সম্পর্কিত তথ্যাবলীই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, ১৯৭৭ থেকে ২০০৩ পর্যন্ত সংগৃহীত তথ্যসমূহ পরিণত হয়েছে ছাই এ। তবে চালের বস্তায় সংরক্ষণ করায় বেঁচে গিয়েছিল ১৯২০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বিভিন্ন তথ্য।