২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি মাসে অ্যান্ড্রয়েডের সিকিউরিটি আপডেট!

প্রতি মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সিকিউরিটি আপডেট ইসু করার প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং, এলজি ও গুগল। জুলাই মাসে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের আবিষ্কৃত এক বাগের সফটওয়্যার প্যাচ ইসু করতে দেরি হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পরেছিল গুগল। তারই পরিপ্রেক্ষিতে প্রতি মাসে সিকিউরিটি অপডেট ইসু করার প্রতিশ্রুতি দিল ওয়েব জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 03:12 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

জুলাই মাসে আবিষ্কৃত ওই বাগটির কারণে হ্যাকিংয়ের ঝুঁকিতে ছিল বিশ্বব্যাপী প্রায় একশ’ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। বর্তমান বিশ্বে মোবাইল ফোনে সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম হিসেবে বিবেচনা করা হয় অ্যান্ড্রয়েড ওএসকে। বিবিসি জানিয়েছে, অপারেটিং সিস্টেমটির জন্য প্রতি মাসে সিকিউরিটি আপডেট ইসু করার প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়েছেন প্রযুক্তি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। 

ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘স্টেজফ্রাইট’ নামে পরিচিত বাগটি মোকাবেলায় বেশ কিছুদিন ধরে কাজ করছে গুগল। ওই বাগের কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মাল্টিমিডিয়া মেসেজ পাঠিয়ে হ্যাক করে নিতে পারতো একজন হ্যাকার।

এই প্রসঙ্গে লাস ভেগাসে চলতি ‘ব্ল্যাক হ্যাক’ কনফারেন্সে অ্যান্ড্রয়েডের নিরাপত্তাবিষয়ক প্রধান অ্যাড্রিয়ান লাগউইগ বলেন, “আমি মনে করি এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বড় সফটওয়্যার আপডেট হবে এটি।”

এলজি, স্যামসাং ও গুগল জানিয়েছে, তাদের তৈরি সিংহভাগ স্মার্টফোনের জন্য ওই সিকিউরিটি আপডেট ইসু করা হবে। এরপর থেকে প্রতিমাসে নিয়মিত সিকিউরিটি আপডেট ইসু করা হবে।