টুইটার আরও সহজ করতে চান ডরসি
পুরানো ব্যবহারকারীদের ধরে রাখতে এবং আরও নতুন ব্যবহারকারীকে আকৃষ্ট করার জন্য অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমটির ব্যবহার আরও সহজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন টুইটার সহ-প্রতিষ্ঠাতা ও অন্তবর্তীকালীন সিইও জ্যাক ডরসি।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের বিনিয়োগকারীদের সঙ্গে এক সভায় টুইটারের সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনায় এই মন্তব্য করেন ডরসি। নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করার চেষ্টায় আশানরূপ ফল না পাওয়ায় সোশাল মিডিয়ার বাজারে প্রতিষ্ঠানটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন টুইটারের কর্তাব্যক্তিরা।
টুইটার ব্যবহার করে অভ্যস্ত পুরানো ব্যবহারকারীদের জন্য মাইক্রোব্লগিং সাইটটি ব্যবহার কঠিন কিছু নয়, কিন্তু নতুন ব্যবহারকারীদের রীতিমতো মাথা চুলকানোর দশা হয়-- মন্তব্য করেছে সিএনএন।
বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মত প্রকাশের মাধ্যম হিসেবে টুইটার বাজারের ‘সেরা মাইক্রোফোন’ হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন ডরসি। তবে ডরসির মন্তব্যের সঙ্গে মিল রেখে বাজারে আলাদা অবস্থান তৈরি করতে চাইলে টুইটারের ইউজার ইন্টারফেস এবং বিভিন্ন ফিচারে বড় পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেছে সিএনএন।
