কর্মী ছাটাই করবে কোয়ালকম
বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকতে কর্মী ছাটাই আর ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ পণ্যসামগ্রী ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। কর্মীখাতে ১শ’ ৪০ কোটি ডলার ব্যয় কমাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠান।
বিবিসি জানিয়েছে, এশিয়ার বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকায় কোয়ালকমের প্রধান শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানটিতে পরিবর্তন আনতে চাপ দিচ্ছে। একই সঙ্গে শেয়ারহোল্ডার জানা পার্টনারস প্রতিষ্ঠানটির পেটেন্ট-লাইসেন্স ব্যবসা থেকে চিপ ব্যবসাকে আলাদা করার দাবি জানিয়েছে।
চিপ ব্যবসায় তাইওয়ানভিত্তিক মিডিয়াটেক বা চীনা নির্মাতাদের মতো এশিয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে কোয়ালকমকে। অন্যদিকে, স্যামসাং তাদের ভবিষ্যত স্মার্টফোনগুলোর জন্য নিজস্ব চিপ ব্যবহারের পরিকল্পনা করায় সামনের বাজার নিয়ে ভাবতেই হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
বুধবার কোয়ালকমের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের তুলনায় এ বছর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ২০ শতাংশ কমে গেছে।
