অ্যানোনিমাস আক্রান্ত আইএস সমর্থকরা
মাইক্রোব্লগিং সাইট টুইটারে আইএস সমর্থকদের অ্যাকাউন্টের উপর চড়াও হয়েছে হ্যাক্টিভিস্ট গ্রুপ অ্যানোনিমাস। আইএস সমর্থকদের বেশ কিছু টুইটার অ্যাকাউন্টের তালিকা প্রকাশ করে অ্যানোনিমাস দাবি করেছে, এসব অ্যাকাউন্ট থেকে আইএসের সমর্থনে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুধু টুইটার নয়, আইএস সমর্থকদের ফেইসবুক পেইজ, ব্লগ, ওয়েবসাইট এবং ওয়েব প্রক্সিতেও সাইবার আক্রমণ চালাচ্ছে দলটি।
অ্যানোনিমাসের প্রকাশিত তালিকায় সাড়ে সাতশ’রও বেশি টুইটার অ্যাকাউন্ট রয়েছে। দশ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে এরকম আইএস সমর্থকদের তালিকার শীর্ষে রাখা হয়েছে। তবে কম ফলোয়ার রয়েছে এমন আইএস সমর্থকদের অ্যাকাউন্টও হামলা থেকে রেহাই পাচ্ছে না।
আইএসের অনলাইন প্রোপাগান্ডা ঠেকাতে অভিনব কৌশল ব্যবহার করছে হ্যাকারদের সংগঠনটি। জাপানিজ অ্যানিমে কার্টুন চরিত্রের ছবির মাধ্যমে আইএস সমর্থকদের টুইটার অ্যাকাউন্টে ‘ফ্লাড’ চালানো হচ্ছে। ঠিক একইভাবে একটি মেয়ে কার্টুন চরিত্রের সঙ্গে নিজেদের সংগঠনের নাম ও স্লোগান আইএস সমর্থকদের ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে দিচ্ছে অ্যানোনিমাস। এর ফলে কেউ আইএসের ব্যাপারে তথ্য জানতে সার্চ দিলেই চলে আসছে ওই কার্টুন চরিত্র, অ্যানোনিমাসের নাম ও সংগঠনটির বিভিন্ন তথ্য।
সামাজিক মাধ্যমে আইএস-এর উপস্থিতি নিয়ে গবেষণা করেছেন বিশ্লেষক জেএম বার্জার। অ্যানোনিমাসের সাইবার হামলা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এর ফলে অনলাইনে আইএসের উপস্থিতি যে একদম বিলুপ্ত হয়ে যাবে, তা নয়। তবে এটি তাদের অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর যে লক্ষ্য রয়েছে, সেটির গণ্ডি সীমিত করবে।
অন্যদিকে অ্যানোনিমাসের এই তৎপরতা একইসঙ্গে ইতিবাচক এবং নেতিবাচক বলে মন্তব্য করেছেন ইন্সটিটিউট ফর স্ট্যাটেজিক ডায়ালগের সিনিয়র ফেলো রাশাদ আলী। তার মতে পাবলিক ডোমেইন থেকে প্রচুর সংখ্যক আইএস সমর্থক হোস্ট সড়ানো সম্ভব হচ্ছে এভাবে। “কিন্তু এটি কোনো সমাধান নয়, কারণ এই মূহূর্তে আমাদের শুধু অ্যাকাউন্ট সরালেই কাজ হবে না, মানুষের জন্য নতুন বার্তাও দিতে হবে”— মন্তব্য করেছেন আলী।
