২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনস্টাগ্রামের ‘ইনিয়েস্তা বিভ্রাট’

এফসি বার্সেলোনার টিম ক্যাপ্টেন আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে এক সাধারণ ব্যবহারকারীর নাম মিলে যাওয়ার পর ওই ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেঁসে গেছে ফটো-শেয়ারিং নেটওয়ার্ক ইনস্টাগ্রাম। পরবর্তীতে ওই ব্যক্তিকে তার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়ে দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে সাইটটির কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 01:57 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এফসি বার্সেলোনার টিম ক্যাপ্টেন ও স্পেনের জাতীয় দলের ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে একই নামের আরেক ব্যবহারকারীর ইউজারনেম মিলে যাওয়ায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই ওই ব্যবহারকারীর অ্যাকাউন্ট @ainiesta ‘ডিঅ্যাক্টিভ’ করে দেয়।

ডিঅ্যাক্টিভ করে দেওয়ার সময় ভুক্তভোগী ইনিয়েস্তা ছুটিতে ছিলেন। একই অ্যাকাউন্ট থেকে ফুটবলার ইনিয়েস্তা ছবি শেয়ার করছেন বলে লক্ষ্য করেন তার বন্ধুরা। বিষয়টি জানার পর ইনস্টাগ্রামের সঙ্গে ওই ব্যক্তি যোগাযোগ করেও কোনো সাড়া না পেয়ে এক ব্লগ পোস্টে তার দুর্ভোগের কথা লেখেন।

অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়া এবং এ ব্যাপারে ইনস্টাগ্রামের নির্লিপ্ত আচরণ দেখে তিনি ব্লগে লেখেন, “এ বিষয়টি পরিষ্কার যে আমার অ্যাকাউন্ট চুরি হয়েছে। আমি অন্যায় কোনো কিছু করিনি। তারপরেও আমাকে শুধু ছবিগুলো নয়, বন্ধু এবং পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ মূহূর্তগুলো শেয়ার করার ক্ষমতাও হারাতে হয়েছে।”

বিষয়টি আরও বড় আকার ধারণ করার আগেই ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছে ভুক্তভোগী ইনিয়েস্তার অ্যাকাউন্ট। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, “এখানে আমাদের ভুল হয়েছিল এবং ভুল ধরতে পারা মাত্র আমরা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটি রিস্টোর করে দিয়েছি। আমাদের ভুলের কারণে ইনিয়েস্তাকে যে সমস্যায় পড়তে হয়েছিল, সেজন্য আমরা তার কাছে ক্ষমাপ্রার্থী”।  

অন্যদিকে ফুটবলার ইনিয়েস্তার এক প্রতিনিধি জানিয়েছেন, অনাকাঙ্খিত এ ঘটনায় ফুটবলার ইনিয়েস্তা কোনো ভাবেই জড়িত নন। ইনস্টাগ্রামে ফুটবলার ইনিয়েস্তার ফলোয়ারের সংখ্যা ৫০ লাখেরও বেশি। বর্তমানে তিনি @andresiniesta8  ইউজারনেইমের একটি অ্যাকাউন্ট ব্যবহার করছেন।