সিংহভাগ ‘পাইরেট’ অস্ট্রেলিয়ান
অস্ট্রেলিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় অর্ধেক নিয়মিত বিভিন্ন চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান এবং গান অবৈধ পন্থায় ডাউনলোড করেন। দেশটির সরকার পরিচালিত সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার বাজারে ডিজিটাল কনটেন্টের মূল্য কমানো হলে, সিনেমা, গানের অ্যালবাম এবং বিভিন্ন টিভি সিরিজ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই সময়ে মুক্তি দিলে অবৈধ ডাউনলোডের মাত্রা অনেকটাই কমে আসবে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০১৫ সালের মার্চ ও মে মাসের মধ্যবর্তী সময়ে অস্ট্রেলিয়ানদের উপর ওই জরিপ চালানো হয়। জরিপের মূল লক্ষ্য ছিল, দেশটিতে ঠিক কী হারে কপিরাইট আইন লংঘন করা হচ্ছে সে বিষয়টি জানা।
জরিপের তথ্য অনুযায়ী, দেশটির ন্যূনতম ৪৩ শতাংশ অনলাইন ভোক্তা কপিরাইট আইন লংঘন করছেন। ওই হিসেব অনুযায়ী, দেশটির ২৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী কপিরাইট আইন লংঘনের সঙ্গে জড়িত। অবৈধভাবে সবচেয়ে বেশি ডাউনলোড হয় বিভিন্ন চলচ্চিত্র।
২,৬৩০ জন অস্ট্রেলিয়ান নাগরিকের উপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের মধ্যে ৪৮ শতাংশ জরিপ চলাকালেই অন্তত একটি চলচ্চিত্র অবৈধভাবে ডাউনলোড করেছেন।
এই বিষয়ে অস্ট্রেলিয়ার যোগাযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, “অনলাইন কপিরাইট রক্ষার যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন কনটেন্ট নির্মাতারা। নির্মাতারা তাদের কনটেন্টকে অনলাইন ভোক্তাদের কাছে স্বল্পমূল্যে সময়মত পৌঁছে দিতে এবং আরও সহজলভ্য করতে পারলে তা পাইরেসির মাত্রা কমাতে সাহায্য করবে।”
এ ছাড়াও কপিরাইট লংঘন ঠেকাতে অস্ট্রেলিয়ান সরকার নিজেদের কপিরাইট আইন সংশোধন করেছে। ১৯৬৮ সালের অস্ট্রেলিয়ান কপিরাইট আইনটি সংশোধনের ফলে দেশটির সরকার এখন থেকে কপিরাইট আইন লংঘন করছে এরকম বিদেশী যে কোনো ওয়েবসাইট ব্লক করে দিতে পারবে।
