এবার ফিটনেস অ্যাপ হিসেবে আত্মপ্রকাশ করছে স্পটিফাই
গান বা পডকাস্টের মতোই স্পটিফাই এখন এসব ফিটনেস মিডিয়াকেও বিভিন্ন ডিভাইসে পাল্টে পাল্টে ব্যবহারের সুবিধা দিচ্ছে।
গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই এখন শরীরচর্চার দুনিয়ায় যুক্ত হচ্ছে। ফলে, গানের পাশাপাশি এখন ব্যায়াম করার সুবিধাও মিলবে এই এক অ্যাপেই।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, ব্যবহারকারীদের ফিটনেসের কথা মাথায় রেখে অ্যাপের ভেতরেই পেলোটনের কয়েক হাজার ওয়ার্কআউট ক্লাস ও বিশেষ ফিটনেস প্লেলিস্ট নিয়ে আসছে কোম্পানিটি।
সবকিছু এক জায়গায় পাওয়ার ‘অল-ইন-ওয়ান’ অ্যাপ হয়ে ওঠার লক্ষ্যে স্পটিফাই এবার ফিটনেস অ্যাপের দুনিয়ায় প্রবেশ করছে।
স্পটিফাইয়ের প্রিমিয়াম ব্যবহারকারীরা তাদের অ্যাপের ভেতরেই পেলোটনের ১ হাজার চারশরও বেশি ক্লাসের লাইব্রেরি ব্যবহারের সুবিধা পাবেন। ফ্রি ও প্রিমিয়াম উভয় ধরনের ব্যবহারকারীরাই বিশেষ ফিটনেস প্লেলিস্টগুলো খুঁজে পাবেন।
কোম্পানিটি বলেছে, এসব ক্লাস ইংরেজি ভাষায় হলেও স্প্যানিশ ও জার্মান ভাষাতেও কিছু অপশন রয়েছে। গান বা পডকাস্টের মতোই স্পটিফাই এখন এসব ফিটনেস মিডিয়াকেও বিভিন্ন ডিভাইসে পাল্টে পাল্টে ব্যবহারের সুবিধা দিচ্ছে।
ফলে, ব্যবহারকারী চাইলে টিভিতে ভিডিও দেখে ব্যায়াম শুরু করে মাঝপথে তা নিজের ফোন বা স্মার্ট স্পিকারে কেবল অডিও হিসেবে শুনতে পারবেন। পাশাপাশি এসব ক্লাস ডাউনলোড করে অফলাইনেও ব্যবহারের সুযোগ রেখেছে অ্যাপটি।
কোম্পানিটির জন্য ফিটনেস বিভাগটি বড় পরিবর্তন মনে হলেও স্পটিফাই বলেছে, তাদের প্রায় ৭০ শতাংশ প্রিমিয়াম সাবস্ক্রাইবার প্রতি মাসে ব্যায়াম করেন।
এ ছাড়া, তাদের ‘প্রম্পটেড প্লেলিস্ট’ ফিচারের ক্ষেত্রে ফিটনেস ও ওয়ার্কআউট কনটেন্ট অন্যতম জনপ্রিয় একটি বিষয়।
স্পটিফাই দীর্ঘদিন ধরেই গানের বাইরে তাদের সেবার পরিধি বাড়াচ্ছে, যার সাম্প্রতিক সংযোজন হিসেবে ব্যবহারকারীরা এখন সরাসরি বই কেনা বা গ্রুপ চ্যাটিং খোলার সুবিধাও পাচ্ছেন।
