১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ কর্মশালা শুরু হল প্রশিক্ষকদের জন্য

আইএসপি-এর বিভিন্ন কোম্পানির ২০ জন অভিজ্ঞ নেটওয়ার্ক প্রকৌশলী এই ‘ট্রেইনিং অফ ট্রেইনার্স’ আ টিওটি কর্মশালায় অংশগ্রহণ করছেন।

‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ কর্মশালা শুরু হল প্রশিক্ষকদের জন্য
ছবি: আইএসপিএবি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষকদের জন্য প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আইভিপি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার ঢাকায় ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ বা আইএসপিএবি ও ‘এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার’ বা এপনিক-এর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়েছে।

এ বিশেষ আয়োজন চলবে আগামী ১৪ মে পর্যন্ত।

দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা বা আইএসপি-এর বিভিন্ন কোম্পানির ২০ জন অভিজ্ঞ নেটওয়ার্ক প্রকৌশলী এই ‘ট্রেইনিং অফ ট্রেইনার্স’ বা টিওটি কর্মশালায় অংশগ্রহণ করছেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন আন্তর্জাতিক ট্রেইনিং বিশেষজ্ঞ ও এপনিক প্রতিনিধি আব্দুল আউয়াল হাওলাদার এবং রাফিউন নবী বাবির।

প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ বলেছেন, “বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় আইপিভি৪-এর সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।

“এই সংকট কাটিয়ে উঠতে আইপিভি৬ প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। দেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী ও টেকসই করতে দক্ষ প্রশিক্ষক তৈরির কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেছেন, এখান থেকে পাওয়া জ্ঞান ব্যবহার করে পরবর্তীতে দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হবে।

এতে একদিকে যেমন প্রকৌশলীরা দক্ষ হয়ে উঠবেন, অন্যদিকে আইএসপি কোম্পানিগুলো স্বল্পমূল্যে নিরাপদ ও আধুনিক ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে।

এ ছাড়া একটি আধুনিক প্রশিক্ষণ ল্যাব তৈরির ক্ষেত্রেও এই প্রশিক্ষকদের পরামর্শ নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।