১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যাপলের সঙ্গে আইনি লড়াইয়ের ইতি টানল মাস্কের ২ কোম্পানি

অভিযোগ ছিল, ওপেনএআইয়ের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে অ্যাপল সুপরিকল্পিতভাবে অন্যান্য প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে বাজার থেকে বঞ্চিত করছে।

অ্যাপলের সঙ্গে আইনি লড়াইয়ের ইতি টানল মাস্কের ২ কোম্পানি
গেল বছর মামলাটি দায়ের করেছিল মাস্কের দুটি কোম্পানি। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 01:07 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

স্মার্টফোন ও জেনারেটিভ এআই চ্যাটবটের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলাটি তুলে নিয়েছে ইলন মাস্কের কোম্পানি এক্স ও স্পেসএক্সএআই।

সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে মামলাটি খারিজ করার জন্য আবেদন জানায় কোম্পানি দুটি। তবে এ বিষয়ে কোনো সমঝোতার কথা প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

আদালতে জমা দেওয়া যৌথ নথিপত্রে মামলা প্রত্যাহারের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণও উল্লেখ করা হয়নি এবং উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের আর্থিক বা কাঠামোগত সমঝোতা হয়েছে কি না সে বিষয়েও কিছু স্পষ্ট নয়।

আইফোন ও অন্যান্য অ্যাপল ডিভাইসের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ফিচারের সঙ্গে একচেটিয়াভাবে চ্যাটজিপিটি যোগ করার মাধ্যমে অ্যাপল প্রতিযোগিতা আইন ভঙ্গ করেছে এমন অভিযোগ এনে গেল বছর মামলাটি দায়ের করেছিল মাস্কের দুটি কোম্পানি।

মামলায় অভিযোগ ছিল, ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে অ্যাপল সুপরিকল্পিতভাবে অন্যান্য প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে বাজার থেকে বঞ্চিত ও একপাশে সরিয়ে রেখেছে।

এদিকে, অ্যাপলের বিরুদ্ধে মামলা গুটিয়ে নিলেও এই মামলার অন্যতম প্রধান বিবাদী হিসেবে থাকা চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে নিজেদের আইনি লড়াই ও বিভিন্ন দাবি ধরে রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

মামলার এ আকস্মিক মোড় পরিবর্তনের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মাস্কের দুই কোম্পানি, অ্যাপল ও ওপেনএআই।

আরও পড়ুন…

অ্যাপল-ওপেনএআই মামলার পর এক্সে মাস্ক-অল্টম্যানের বাগযুদ্ধ