Published : 26 Apr 2026, 03:16 PM
বাজারে নতুন দুটি শক্তিশালী এআই মডেল উন্মোচন করেছে চীনা এআই স্টার্টআপ ডিপসিক। নতুন এআই মডেলে ‘বিশ্বমানের’ বুদ্ধিমত্তা রয়েছে বলে দাবি কোম্পানিটির।
স্বল্প খরচে বড় মেমোরি ও বিশ্বমানের বুদ্ধিমত্তার দাবি নিয়ে আসা এ মডেলটির মাধ্যমে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানির সঙ্গে ডিপসিক সরাসরি প্রতিযোগিতায় নামল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
‘ভি৪ প্রো’ ও ‘ভি৪ ফ্লাশ’ নামের নতুন দুটি এআই সংস্করণ বাজারে এনেছে ডিপসিক। প্রায় এক বছর আগে অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে শীর্ষস্থানে উঠে এসে ব্যাপক সাড়া জাগিয়েছিল চীনা কোম্পানিটি।
ঘোষণায় ডিপসিক বলেছে, “স্বল্প খরচে ১০ লাখ ‘কনটেক্সট লেংথ’ ব্যবহারের যুগে স্বাগতম।” কনটেক্সট লেংথ হচ্ছে, একটি এআই মডেল ঠিক কতগুলো শব্দ বা টোকেন মনে রাখতে পারে তার সীমা। এ কনটেক্সট লেংথ যত বেশি হয় দীর্ঘ আলাপচারিতার ক্ষেত্রে এআই তত বেশি প্রাসঙ্গিক ও নির্ভুল উত্তর দিতে পারে।
সম্প্রতি বাজারে আসা ওপেনএআইয়ের ‘জিপিটি-৫.৫’ মডেলের কনটেক্সট উইন্ডোও চার লাখ থেকে ১০ লাখ পর্যন্ত।
নতুন এ মডেলটি এখনও ওপেন সোর্স বা উন্মুক্ত রাখা হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা চাইলে এর কোড ডাউনলোড করে নিজেদের মতো পরিবর্তন করতে পারবেন।
‘ভি৪ প্রো’ মডেলের ‘এজেন্টিক’ বা স্বয়ংক্রিয়ভাবে কাজের সক্ষমতা আরও উন্নত করার কথা বলেছে ডিপসিক এবং জটিল যুক্তিনির্ভর কাজের ক্ষেত্রে তা শীর্ষস্থানীয় ক্লোজড-সোর্স মডেলগুলোর সমান।
এ ছাড়া গভীর ও বিস্তৃত জ্ঞানের ক্ষেত্রে ডিপসিকের মডেলটি গুগলের ‘জেমিনাই-৩.১-প্রো’ এর পরেই অবস্থান করছে বলে দাবি তাদের।
অন্যদিকে, ‘ভি৪ ফ্ল্যাশ’ সংস্করণটি প্রো সংস্করণের মতো ততটা শক্তিশালী না হলেও অনেক দ্রুত উত্তর দিতে পারে।
তবে ডিপসিক বলেছে, এ মডেলটির যুক্তিনির্ভর কাজের সক্ষমতা অনেকটা ‘ভি৪ প্রো’ এর কাছাকাছি ও সাধারণ ‘এজেন্ট’ টাস্কগুলোতে তা প্রো সংস্করণের মতোই পারফরম্যান্স দেবে।
গেল বছরের শুরুতে অ্যাপ স্টোরে শীর্ষস্থান দখলের কিছুকাল পরেই যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা ও সরকারি ডিভাইসে ডিপসিকের ব্যবহার নিষিদ্ধ হয়।
মার্কিন কর্তৃপক্ষের ধারণা, ডিপসিক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও মার্কিন এআই স্টক বা শেয়ার বাজারের জন্য হুমকিস্বরূপ।
পাশাপাশি, ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘনের আশঙ্কায় দক্ষিণ কোরিয়াও অ্যাপটি ডাউনলোড করার প্রক্রিয়া স্থগিত করেছিল।