১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আরও নির্ভুল’ আবহাওয়া পূর্বাভাস দেবে ডিপমাইন্ডের নতুন মডেল

মডেলটি তাপমাত্রা, বায়ুচাপ ও বাতাসের গতি এসব তথ্যসহ দুই সপ্তাহ পর্যন্ত নির্ভুল পূর্বাভাস দিতে পারবে।

‘আরও নির্ভুল’ আবহাওয়া পূর্বাভাস দেবে ডিপমাইন্ডের নতুন মডেল
এআই ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস মডেলটির নাম ‘ওয়েদারনেক্সট ২’। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 02:13 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

গুগলের ডিপমাইন্ড তাদের নতুন এআই ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস মডেল ‘ওয়েদারনেক্সট ২’ প্রকাশ করেছে। কোম্পানিটি বলছে, এই সংস্করণটি আগের তুলনায় আরও দ্রুত, নির্ভুল এবং হাই রেজুলিউশনের বৈশ্বিক পূর্বাভাস দিতে পারবে।

মডেলটি তাপমাত্রা, বায়ুচাপ ও বাতাসের গতি এসব তথ্যসহ দুই সপ্তাহ পর্যন্ত নির্ভুল পূর্বাভাস দিতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

গবেষকদের মতে, নতুন মডেলটি উষ্ণমণ্ডলীয় ঝড় বা হারিকেনের গতিপথ আরও ভালোভাবে ট্র্যাক করতে পারবে। এখন তিন দিন আগেই ঝড়ের পথ নির্ভুলভাবে দেওয়া সম্ভব হবে। আগের সংস্করণে সর্বোচ্চ দুই দিনের পূর্বাভাস দেওয়া যেত।

ওয়েদারনেক্সট ২-এ ঘণ্টাভিত্তিক পূর্বাভাস যুক্ত হয়েছে। গুগল বলছে, এটি আগের মডেলের তুলনায় আট গুণ দ্রুত যা জ্বালানি-বাণিজ্যের মতো খাতে আরও নিখুঁত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। 

ডিপমাইন্ডের গবেষক আকিব উদ্দিন বলেন, “এটি আরও সূক্ষ্ম পূর্বাভাস দেয়। বিভিন্ন শিল্পে এক ঘণ্টা ব্যবধানের পূর্বাভাস অত্যন্ত প্রয়োজনীয়। এটি তাদের ব্যবসাকে আবহাওয়ানির্ভর বিভিন্ন ঝুঁকি থেকে আরও সুরক্ষা দেয়।”

সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে বলা হচ্ছে, এসব উন্নতির পেছনে রয়েছে নতুন পদ্ধতি। আগের মডেলগুলোতে ছবি ও ভিডিও জেনারেশনের জন্য তৈরি মেশিন লার্নিং মডেল ব্যবহার করতে হতো যা একই ডেটা বারবার প্রক্রিয়াজাত করে সঠিক ফল পেত। নতুন মডেলটি এক ধাপে আউটপুট তৈরি করতে পারে ফলে ব্যয়বহুল এআই কম্পিউটিংয়ের ওপর নির্ভরতা কমেছে।

এআই সব ক্ষেত্রে নিখুঁত না হলেও আবহাওয়া পূর্বাভাসে এর দক্ষতা প্রমাণিত। নতুন মডেলগুলো সাধারণত সুপারকম্পিউটার ভিত্তিক প্রচলিত পদ্ধতিকে ছাড়িয়ে গেছে। তবে সীমাবদ্ধতাও আছে। গুগল স্বীকার করছে, ওয়েদারনেক্সট ২ এখনো হঠাৎ ভারী বৃষ্টি বা অস্বাভাবিক তুষারপাতের মত ঘটনাগুলো ঠিকভাবে ধরতে পারে না। কারণ, এ সম্পর্কিত প্রশিক্ষণ ডেটা সীমিত। 

ডিপমাইন্ড গবেষক ফেরান আলেট ব্লুমবার্গকে বলেছেন, “এটি আমাদের মডেলের একটি সীমাবদ্ধতা তবে আমরা এটি উন্নত করার জন্য কাজ করছি।”

এআইনির্ভর আবহাওয়া পূর্বাভাস এখন দ্রুতই আগ্রহের কেন্দ্রে পৌঁছাচ্ছে। এনভিডিয়া, মাইক্রোসফট, অ্যাকুওয়েদার, হুয়াওয়ে সব কোম্পানিই নিজেদের মডেল নিয়ে এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছে।