১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লিংকডইনে ‘এআই স্লপ’ঠেকাতে ১০ লাখেরও বেশি মানুষের অভিযোগ

নতুন যোগ করা ফিচারের মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া কনটেন্টের প্রচার কমতে শুরু করেছে পেশাজীবীদের জন্য গঠিত এ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

লিংকডইনে ‘এআই স্লপ’ঠেকাতে ১০ লাখেরও বেশি মানুষের অভিযোগ
পরিস্থিতি নিয়ন্ত্রণে জুলাইয়ের শেষভাগে একগুচ্ছ নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে লিংকডইন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 12:53 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট বা এআই স্লপের দাপট কমাতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

লিংকডইনে অনিচ্ছাকৃত ও ভুয়া এআই পোস্ট চিহ্নিত করতে সাইটটির ১০ লাখেরও বেশি ব্যবহারকারী আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন।

এমন পদক্ষেপের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে ভুয়া কনটেন্টের প্রচার ব্যাপকহারে কমতে শুরু করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

সাম্প্রতিক মাসগুলোতে প্ল্যাটফর্মটির নিউজ ফিডে এক ধরনের অদ্ভুত প্রবণতা লক্ষ্য করছিলেন লিংকডইন ব্যবহারকারীরা, যেখানে এআই দিয়ে তৈরি তথ্যহীন, নিম্নমানের বা বিভ্রান্তিকর কনটেন্টে ছেয়ে যাচ্ছিল ফিড।

এমন অবস্থা ইন্টারনেটের পরিভাষায় ‘এআই স্লপ’ নামে পরিচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে জুলাইয়ের শেষভাগে একগুচ্ছ নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে সেবাটি।

এর মধ্যে অন্যতম ‘সিমস লাইক এআই স্লপ’ নামের এক বিশেষ বোতাম। কোনো পোস্ট দেখে এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট মনে হলে ব্যবহারকারীরা তা চেপে রিপোর্ট করার সুযোগ পান।

পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবেও যেন এমন পোস্ট শনাক্ত করে ফিডে দেখানো বন্ধ করা যায় এমন প্রযুক্তি জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ।

ফিচারটি চালুর কেবল দুই সপ্তাহের মধ্যে বিপুল সাড়া মেলার কথা নিশ্চিত করেছেন লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন। তিনি বলেছেন, নতুন উদ্যোগটি এরইমধ্যে কার্যকর ফল দিতে শুরু করেছে।

নেটওয়ার্কটিতে পোস্ট করা এক বার্তায় ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “স্লপ ঠেকানো ফিচার উন্মোচনের পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ মানুষ সিমস লাইক এআই স্লপ বোতামটি ব্যবহার করেছেন।

“এর মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে কনটেন্টের সার্বিক মান কেমন অভিজ্ঞতায় রূপ নিচ্ছে তা অনুধাবনে ব্যবহারকারীরাই বড় ভূমিকা রাখছেন।”

শ্রীনিবাসন বলেছেন, যে কোনো পোস্ট বা মন্তব্যের কোণায় থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করলেই অপশনটি পাওয়া যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা সহজে ফ্ল্যাগ করতে পারবেন পোস্টটি।

কনটেন্টের গুণগত মান ধরে রাখতে কোম্পানিটি আরও কঠোর পদেক্ষেপ নিতে যাচ্ছে। কোনো পোস্টের বিরুদ্ধে এ ধরনের পর্যাপ্ত অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যানালিটিক্সে একটি বার্তা ভেসে উঠবে, যেখানে লেখা থাকবে, পোস্টটি ‘এআই স্লপ’ হিসেবে চিহ্নিত ও রিপোর্ট করা হয়েছে।

শ্রীনিবাসন বলেছেন, “আমরা ব্যবহারকারীদের ভালো আচরণের ওপর আস্থা রেখেই বিষয়টি শুরু করেছিলাম। আমি ব্যক্তিগতভাবে নিজেও এখন বেশ সচেতন থাকি যাতে নিজের লেখা এআইয়ের মতো না মনে হয়।

“আমাদের মূল উদ্দেশ্য ব্যবহারকারীদের ইতিবাচক ও কার্যকরী মন্তব্য পাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। কেবল রিপোর্টিং বোতামটিই কোনো চূড়ান্ত সমাধান নয় ও একক কোনো মন্তব্যের ভিত্তিতে কোনো পোস্ট দেখানো বন্ধও করা হয় না।

“আমরা সার্বিকভাবে বহুবিধ সংকেত যাচাই করি। সেইসঙ্গে কোনো সদস্য যেন অযৌক্তিক বা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টিংয়ের শিকার না হন সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও তৈরি করা হয়েছে।”

নিউজ ফিডের গঠন সবার জন্য ভিন্ন হওয়ায় নির্দিষ্ট কোনো গাণিতিক সংখ্যা প্রকাশের বিষয়ে কিছুটা ‘দ্বিধা’ প্রকাশ করেছেন তিনি।

সার্বিক পরিসংখ্যান তুলে ধরে শ্রীনিবাসন বলেছেন, এআই স্লপ হিসেবে চিহ্নিত বিভিন্ন পোস্টের দর্শকসংখ্যা গেল কয়েক সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে।

“কিছু সাফল্য মিললেও লিংকডইনকে প্রকৃত মানুষ ও সত্যিকারের মতামতের জায়গা হিসেবে ধরে  রাখতে আমাদের আরও দূর এগোতে হবে... বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে।”

ফিচারটি চালুর সময়েই লিংকডইন বলেছিল, এআই দিয়ে তৈরি পোস্টের লাগাম টানতে নেওয়া বিভিন্ন পদক্ষেপে এমনটা কেবল একটি অংশ।

স্বয়ংক্রিয়ভাবে নিম্নমানের এআই পোস্ট শনাক্তের প্রযুক্তি উন্নত করার পাশাপাশি অ্যালগরিদমে পরিবর্তন এনে এ ধরনের কনটেন্টের প্রকাশ কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের পোস্ট দ্রুত এআই দিয়ে নতুন করে লেখার সুবিধা দেওয়া ‘এনহ্যান্স উইথ এআই’ বোতামটি সরিয়ে নিয়েছে লিংকডইন।

এর বদলে যোগ হয়েছে প্রুফরিডিং ফিচার, যা মূল লেখার বক্তব্য অক্ষুণ্ণ রেখে ন্যূনতম প্রয়োজনীয় সংশোধন করে দেয়।