১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণিত অলিম্পিয়াডে স্বর্ণ জেতা এআই মডেল উন্মুক্ত করল ডিপসিক

মডেলটি ‘হাগিং ফেইস ও ‘গিটহাব’ নামের ডেভেলপার প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এখন বিনা খরচে যে কেউ মডেলটি চালাতে বা পরিবর্তন করতে পারবেন।

গণিত অলিম্পিয়াডে স্বর্ণ জেতা এআই মডেল উন্মুক্ত করল ডিপসিক
গবেষকরা বলেছেন, মডেলটির নিজের ‘সেল্ফ ভেরিফাই’ করার সক্ষমতা প্রমাণ করেছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জেতা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলটি প্রথমবারের মতো উন্মোচন করল চীনের এআই স্টার্টআপ ডিপসিক।

এ বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদকের যোগ্য স্কোর পেয়েছে ডিপসিকের ‘ম্যাথ-ভি২’ নামের এআই মডেলটি। প্রতিযোগিতায় অংশ নেওয়া আট শতাংশ মানুষ কেবল এই কৃতিত্ব অর্জন করেছেন।

প্রতিযোগিতায় মডেলটি কেবল সঠিক উত্তরই দেয়নি, বরং নিজের যুক্তি ও বিশ্লেষণের সক্ষমতাও দেখিয়েছে, অর্থাৎ কোনো সমস্যার সমাধান কীভাবে করা যায় তাও বর্ণনা করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট।

এখন মডেলটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে ডিপসিক, যা ‘হাগিং ফেইস ও ‘গিটহাব’ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এখন বিনা খরচে যে কেউ মডেলটি চালাতে বা পরিবর্তন করতে পারবেন।

হাগিং ফেইসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্লিমেন্ট ডেলাঙ্গু বলেছেন, “ধরে নিন, বিশ্বের সেরা গণিতজ্ঞদের মস্তিষ্কের মধ্যে একটি বিনামূল্যে আপনার নিজস্ব হার্ডওয়্যারে চালানোর জন্য রয়েছে, যা আপনি গবেষণার জন্য ব্যবহার, সেটিকে ফাইন-টিউন, অপটিমাইজ বা নিজের হার্ডওয়্যারে চালাতে পারেন।

“এখানে কোনো বাধা বা নিয়ন্ত্রণ নেই। কোনো কোম্পানি বা সরকার এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা তথ্যকে আপনার কাছ থেকে নিতে পারবে না, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও জ্ঞানের গণতান্ত্রিকীকরণের সত্যিই শীর্ষ পর্যায়।”

গুগল ডিপমাইন্ড ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের তৈরি বিভিন্ন মডেলও বার্ষিক আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পর্যায়ের ফলাফল দেখিয়েছে। তবে কোম্পানি দুটির কোনোটিই এসব মডেলকে এখনও ওপেন-সোর্স করেনি।

বর্তমানে ডিপমাইন্ডের মডেলটি কেবল প্রিমিয়াম আলট্রা প্যাকেজের গ্রাহকদের জন্য পাওয়া যাচ্ছে। এদিকে, ওপেনএআই এখনও নিজেদের মডেলটি প্রকাশ করেনি।

ডিপসিকের গবেষকরা বলেছেন, মডেলটির নিজের ‘সেলফ ভেরিফাই’ করার সক্ষমতা প্রমাণ করেছে। ফলে মডেলটি পরিচিত বা নমুনা সমাধান ছাড়াই গাণিতিক সমস্যা সমাধান করতে পারে।

গবেষকরা বলছেন, বর্তমান এআই সিস্টেমের প্রধান সীমাবদ্ধতা দূর করেছে এই মডেল। সাধারণত এআই কেবল সেইসব কাজে উন্নতি করে যেগুলোর সমাধান সহজে যাচাইযোগ্য। তবে তাদের নতুন মডেলটি এমন কাজও করতে পারে যার সমাধান আগে থেকে জানা নেই।

এ বছর শুরুতে বাজারে আসা ডিপসিক নিজেদের এআই মডেলের মাধ্যমে খররের শিরোনামে উঠে এসেছিল। ওই সময় তারা দাবি করেছিল, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি’র মতো প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেক কম খরচে মডেলটি তৈরি করেছে তারা।

দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড করা ফ্রি অ্যাপ হয়ে উঠেছিল ডিপসিক, যার কারণে মডেলটিকে প্রযুক্তি শিল্পের জন্য এক ‘সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

চীনে তৈরি এআই প্রযুক্তি ব্যবহারে ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে এরইমধ্যে সরকারি কাজে অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য।