২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরিকে উন্নত করতে গুগলের জেমিনাই ব্যবহার করবে অ্যাপল?

এর আগে, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও অ্যানথ্রপিক-এর মতো এআই কোম্পানির সঙ্গেও সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে ভেবছিল অ্যাপল।

সিরিকে উন্নত করতে গুগলের জেমিনাই ব্যবহার করবে অ্যাপল?
গুগলের জেমিনাই সংস্করণটি অ্যাপলের নিজস্ব সার্ভারে চালানো যাবে। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট নতুন সিরিকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগলের এআই প্রযুক্তি জেমিনাই ব্যবহারের কথা বিবেচনা করছে আইফোন নির্মাতা মার্কিন কোম্পানিটি।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, নিজেদের নতুনভাবে তৈরি করা সিরিকে আরও উন্নত করতে গুগলের এআই প্রযুক্তি জেমিনাই ব্যবহারের পরিকল্পনা করছে অ্যাপল। এ নিয়ে অংশীদারিত্বের প্রাথমিক আলোচনা শুরু করেছে কোম্পানি দুটি। মার্কিন সার্চ জায়ান্টটি জেমিনাইয়ের এমন এক সংস্করণ তৈরি করছে, যা অ্যাপলের নিজস্ব সার্ভারে চালানো যাবে। এর আগে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও অ্যানথ্রপিক-এর মতো এআই কোম্পানির সঙ্গেও সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে ভেবেছিল অ্যাপল।

ব্লুমবার্গ আরও লিখেছে, “একসঙ্গে সিরির দুটি নতুন সংস্করণ উন্নয়নের কাজ করছে অ্যাপল। একটি সংস্করণের কোডনেম ‘লিনউড’, যা অ্যাপলের নিজস্ব এআই মডেলের মাধ্যমে চালিত এবং অন্যটির নাম ‘গ্লেনউড’, যা বাইরের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে।”

তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, শেষ পর্যন্ত অ্যাপল কোন এআই মডেল ব্যবহার করবে। তবে অ্যাপলের নিজের তৈরি মডেল ব্যবহারের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

অ্যাপল সাধারণত নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করে এবং এজন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির ওপর নির্ভর করা কোম্পানিটির স্বভাবসিদ্ধ আচরণ নয়। তবে এর থেকে ইঙ্গিত মেলে, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করতে কতটা চাপে রয়েছে অ্যাপল।

আইওএস ১৮-এর সঙ্গে অ্যাপল বেশিরভাগ নতুন এআই ফিচার অন্তর্ভুক্ত করলেও নতুন সংস্করণের সিরি চালু করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। সিরি মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন অ্যাপে কাজ করতে পারে। তবে শেষ পর্যন্ত অ্যাপল স্বীকার করেছে, সিরির সেই আপডেটটি পিছিয়ে গিয়েছে। এখন সেটি আসার কথা রয়েছে ২০২৬ সালের কোনো এক সময়ে।

এ দেরি হওয়ার ফলে অ্যাপলের ভেতরের বিভিন্ন এআই প্রকল্পতে বড়সড় অস্থিরতাও তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের দায়িত্ব এক বিভাগের হাত থেকে আরেক বিভাগে চলে গিয়েছে। এরই ধারাবাহিকতায় অ্যাপল তৃতীয় পক্ষের যেমন গুগলের এআই মডেল ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে শুরু করেছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

এদিকে, গুগল নিজেদের পিক্সেল ১০ ফোনে নিজেদের এআই প্রযুক্তি জেমিনাই চালু করেছে, যা অনেকটাই অ্যাপল সিরি’র নতুন সংস্করণে দেওয়ার প্রতিশ্রুতির মতো সক্ষমতা দিচ্ছে।

অ্যাপল যদি নিজস্ব হার্ডওয়্যার ও সার্ভারে চালানোর উপযোগী এক জেমিনাই সংস্করণ ব্যবহার করে, যেটিকে অ্যাপল ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ নামে ডাকছে, তবে সেটিতে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তরও যোগ করতে পারে অ্যাপল।

ব্লুমবার্গ আরও লিখেছে, অ্যাপল মূলত নিজেদের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এ চ্যাটজিপিটির বিকল্প হিসেবে জেমিনাই ব্যবহারের পরিকল্পনা করেছিল। তবে এখনও সেটি চালু হয়নি।

এদিকে, নিজেদের কিছু এআই ফিচারে জেমিনাই ব্যবহারের ফলে স্যামসাংয়ের মতো অবস্থানে চলে আসবে অ্যাপল। কারণ স্যামসাংয়ের গ্যালাক্সি এআই কাস্টম মডেলও জেমিনাই এআইয়ের সংমিশ্রণে কাজ করে।