১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইফোনে ‘শেইক টু সামারাইজ’ ফিচার আনছে ফায়ারফক্স

এই আপডেটের মাধ্যমে ফায়ারফক্স হবে প্রথম দিকের থার্ড পার্টি অ্যাপগুলোর একটি যারা অ্যাপল ইন্টেলিজেন্সের সঙ্গে ইন্টিগ্রেশন আনছে।

আইফোনে ‘শেইক টু সামারাইজ’ ফিচার আনছে ফায়ারফক্স
আইফোন ঝাঁকালে ওয়েবপেইজের সারসংক্ষেপ দেখা যাবে। ছবি: মজিলা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

শুধু আইফোন ঝাঁকালেই ওয়েবপেইজের এআই-জেনারেটেড সারসংক্ষেপ দেখতে পাবেন, এমনই ফিচার আনছে জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স।

ফিচারটি চলতি সপ্তাহেই চালু হবে এবং আইওএস ২৬ মুক্তি পাওয়ার পর থেকে আইফোন ১৫ প্রো বা তার পরবর্তী মডেলগুলোতে অ্যাপলের অন-ডিভাইস এআই মডেল ব্যবহার করে কাজ করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

এর আগের আইওএস সংস্করণে মজিলা তাদের নিজস্ব ক্লাউড-ভিত্তিক এআই সিস্টেম ব্যবহার করে সারসংক্ষেপ তৈরি করবে এবং তা ওয়েবপেইজের উপরে দেখাবে। 

শুধু ফোন ঝাঁকালেই নয়, চাইলে ব্যবহারকারীরা অ্যাড্রেস বারে থাকা ‘থান্ডারবোল্ট’ আইকন বা স্ক্রিনের নিচে থাকা তিনটি ডট ট্যাপ করে ‘সামারাইজ পেইজ’ অপশন থেকেও সারসংক্ষেপ পেতে পারবেন।

মজিলা বলছে, চাইলে এই ফিচার বন্ধ রাখা যাবে যেন ফোন ভুলবশত কাঁপলে সারসংক্ষেপ চালু না হয়ে যায়। তবে ফিচারটি শুধু পাঁচ হাজার শব্দের কম ওয়েবপেইজে কাজ করবে।

এই আপডেটের মাধ্যমে ফায়ারফক্স হবে প্রথম দিকের থার্ড পার্টি অ্যাপগুলোর একটি যারা অ্যাপল ইন্টেলিজেন্সের সঙ্গে ইন্টিগ্রেশন আনছে। 

শুরুতে ‘শেইক টু সামারাইজ’ ফিচারটি শুধু যুক্তরাষ্ট্রে এবং ইংরেজি ভাষায় পাওয়া যাবে তবে ভবিষ্যতে মজিলা এটি বিশ্বব্যাপী এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালুর পরিকল্পনা করছে।