অর্থ সংগ্রহে এই প্রথম ব্রিটিশ পাউন্ড বন্ড চালুর ঘোষণা অ্যামাজনের
এআই খাতের প্রসারে মোটা অংকের অর্থায়নের ক্রমাগত চাহিদার অংশ হিসেবে বিভিন্ন মুদ্রায় তহবিল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে বড় বড় প্রযুক্তি কোম্পানি।
ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ পাউন্ডে বন্ড বিক্রির উদ্যোগ নিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের বিপুল অবকাঠামোগত ব্যয় মেটাতে ও অর্থায়নের উৎসকে বৈচিত্র্যময় করতেই এ উদ্যোগ।
এআই খাতের রূপান্তর ও প্রসারে মোটা অংকের অর্থায়নের ক্রমাগত চাহিদার অংশ হিসেবে বিভিন্ন মুদ্রায় তহবিল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে বড় সব প্রযুক্তি কোম্পানি।
রয়টার্সের দেখা অভ্যন্তরীণ এক মেমো অনুসারে, এ ধারবাহিকতায় ব্রিটিশ পাউন্ডে বন্ড বিক্রির উদ্যোগ নিয়েছে অ্যামাজন।
বন্ড বিক্রি আয়োজনের দায়িত্বে থাকা একটি ব্যাংকের মেমো অনুসারে, তিন বছর, ছয় বছর, ১২ বছর ও ১৯ মেয়াদি বন্ড বাজারে ছাড়ার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।
বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে বন্ড বিক্রির প্রক্রিয়াটি বুধবারই শুরু হতে পারে বলে ওই মেমোতে উল্লেখ করেছে অ্যামাজন।
তবে এসব বন্ডের মাধ্যমে অ্যামাজন ঠিক কত অর্থ তুলতে চাচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি।
বর্তমান সময়ে এআই খাতে রূপান্তরের ব্যালেন্স ও অর্থায়নের প্রয়োজনীয়তা মেটাতে অ্যামাজনের মতো বিভিন্ন কোম্পানি মার্কিন ডলারের পাশাপাশি ইউরো, সুইস ফ্রাঙ্ক ও জাপানি ইয়েনের মতো বিভিন্ন বৈশ্বিক মুদ্রায় বন্ড ছাড়ার প্রবণতা বাড়িয়েছে, যার মাধ্যমে তারা নিজেদের অর্থায়নের বিভিন্ন উৎসকে আরও বৈচিত্র্যময় করে তুলছে।
বন্ড ইস্যুর পরিধি এরইমধ্যে বিনিয়োগকারীদের চাহিদার সীমাকে পরীক্ষার মুখে ফেলেছে, বিশেষ করে মার্কিন ডলার বন্ড বাজারে আসায়।
এ বছরের গ্রীষ্মকালেই বড় কিছু বন্ড ক্রেতা সতর্ক করে বলেছিলেন, বাজারটিতে অতিরিক্ত ঋণ নেওয়ার কারণে এক ধরনের ‘হজমজনিত জটিলতা’ দেখা যাচ্ছে।
অ্যামাজনের পাউন্ড বন্ড বিক্রির উদ্যোগের আগে ফেব্রুয়ারিতে এ মুদ্রায় ৭৪০ কোটি ডলার সংগ্রহ করেছিল গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।
পাঁচ ভাগে বিভক্ত ওই চুক্তিটির মধ্যে বিরল এক ১০০ বছর মেয়াদি বন্ডও অন্তর্ভুক্ত ছিল।
