Published : 16 Oct 2025, 01:36 PM
যেখানে একের পর এক এআই কোম্পানি ও স্টার্টআপ নিজেদের এআই-সমৃদ্ধ ওয়েব ব্রাউজার তৈরি করছে, সেখানে মজিলা বেছে নিয়েছে ভিন্ন পথ। নতুন ব্রাউজার বানানোর বদলে ফায়ারফক্স ব্যবহারকারীদের এখন নিজস্ব ব্রাউজারেই এআই-চালিত সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে কোম্পানিটি।
মঙ্গলবার মজিলা ঘোষণা করেছে, তাদের ব্রাউজারে এখন থেকে পারপ্লেক্সিটি এআই সার্চ ইঞ্জিন ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীরা চাইলে এআইয়ের সাহায্যে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ করতে পারবেন।
আগে ফায়ারফক্সে এই ইন্টিগ্রেশনটি কেবল পরীক্ষামূলকভাবে চালু ছিল এবং সেটি ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো কয়েকটি নির্দিষ্ট বাজারে সীমাবদ্ধ। তখনও সিদ্ধান্ত হয়নি, পারপ্লেক্সিটি স্থায়ীভাবে গুগল, বিং বা ডাকডাকগোর মতো সার্চ ইঞ্জিনগুলোর তালিকায় যুক্ত হবে কিনা।
তবে ব্যবহারকারীদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে এখন ফায়ারফক্স বিশ্বব্যাপী ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য পারপ্লেক্সিটি উন্মুক্ত করেছে। মোবাইল সংস্করণেও এই ফিচারটি আগামী কয়েক মাসের মধ্যেই আসছে বলে ঘোষণা করেছে মজিলা।
এই ফিচার সক্রিয় করলে ব্যবহারকারীরা পাবেন একেবারে ভিন্নধর্মী অভিজ্ঞতা। পারপ্লেক্সিটিতে কোনো বিষয় সার্চ করলে গুগলের মতো শুধু লিংকের তালিকা দেখায় না বরং তথ্যগুলো ব্যাখ্যা আকারে দেখানো হয় সঙ্গে থাকে নির্ভরযোগ্য উৎসের উদ্ধৃতি।
এই এআই-চালিত সার্চ অপশনটি ব্রাউজারের অ্যাড্রেস বারের ইউনিফাইড সার্চ বাটনে পাওয়া যাবে যেখানে চাইলে এক ক্লিকেই সাধারণ সার্চ থেকে পারপ্লেক্সিটিতে সুইচ করা যাবে। ব্যবহারকারীরা চাইলে ফায়ারফক্সের সেটিং থেকেই এটিকে তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবেও সেট করতে পারবেন।
মজিলা আগেই ঘোষণা করেছিল, যদি পারপ্লেক্সিটির পরীক্ষামূলক ব্যবহার সফল হয় তাহলে ভবিষ্যতে তারা আরও এআই-ভিত্তিক সার্চ অপশন যোগ করার বিষয়টি বিবেচনা করবে।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, কোম্পানিটি পারপ্লেক্সিটি দিয়েই শুরু করেছে কারণ এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার না করার নিশ্চয়তা দিচ্ছে।
মজিলা আরেকটি বড় আপডেটও ঘোষণা করেছে, ব্রাউজার প্রোফাইল ফিচার এখন থেকে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে আলাদা আলাদা ব্রাউজিং প্রোফাইল তৈরি করা যাবে যেমন অফিসের কাজ, পড়াশোনা বা ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা সেটআপ।
ফায়ারফক্সে যারা গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করেন তাদের জন্যও নতুন পরীক্ষা চলছে। তারা এখন গুগল লেন্সের মাধ্যমে ভিজুয়াল সার্চ ফিচার ব্যবহার করতে পারবেন।