১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথম এআই ডেটা সুপারক্লাস্টার অনলাইনে আসবে ২০২৬ সালে: জাকারবার্গ

সুপারক্লাস্টার হচ্ছে এক ধরনের বড় ও জটিল কম্পিউটিং নেটওয়ার্ক, যা উন্নত এআই মডেল প্রশিক্ষণ ও এদের কাজের চাপ সামলানোর জন্য তৈরি হয়।

প্রথম এআই ডেটা সুপারক্লাস্টার অনলাইনে আসবে ২০২৬ সালে: জাকারবার্গ
জাকারবার্গ বলেছেন, “এআই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শীর্ষ গবেষকদের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি!” ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

মেটার প্রথম এআই ডেটা সুপারক্লাস্টার বা অত্যাধুনিক সুপারকম্পিউটার নেটওয়ার্ক ২০২৬ সালে অনলাইনে চালু হবে বলে ঘোষণা করেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটির সিইও বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য কম্পিউটিং অবকাঠামোতে ‘শত শত কোটি ডলার’ বিনিয়োগের পরিকল্পনা করেছেন তিনি। এরই অংশ হিসাবে আগামী বছরই নিজেদের প্রথম সুপারক্লাস্টার চালু করবে মেটা।

সুপারক্লাস্টার হচ্ছে এক ধরনের বড় ও জটিল কম্পিউটিং নেটওয়ার্ক, যা উন্নত এআই মডেল প্রশিক্ষণ ও এদের কাজের চাপ সামলানোর জন্য তৈরি হয় বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

সোমবার একটি ফেইসবুক পোস্টে জাকারবার্গ লিখেছেন, “মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবস-এর থাকবে এআই শিল্পের সর্বোচ্চ স্তরের কম্পিউটিং সক্ষমতা এবং প্রত্যেক গবেষকের জন্য সর্বোচ্চ কম্পিউটিং সুবিধা।

“এআই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শীর্ষ গবেষকদের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি!”

জাকারবার্গ আরও বলেছেন, মেটার প্রথম সুপারক্লাস্টারের নাম ‘প্রমিথিউস’ এবং কোম্পানিটি আরও কয়েকটি মাল্টি গিগাওয়াট ক্লাস্টার তৈরি করছে। ভবিষ্যতে কয়েক বছরের মধ্যে পাঁচ গিগাওয়াট পর্যন্ত স্কেল করতে পারবে ‘হাইপেরিয়ন’ নামের এক ক্লাস্টার।

সিএনবিসি লিখেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই খাতে শত কোটি ডলার বিনিয়োগ করে চলেছেন জাকারবার্গ। যার মধ্যে অন্যতম এআই স্টার্টআপ ‘স্কেলএআই’-তে এক হাজার চারশ কোটি ডলারের বিনিয়োগ। জুনে ‘মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবস’ নামের এক নতুন স্টার্টআপ গঠনেরও ঘোষণা দিয়েছেন মেটার এই সহপ্রতিষ্ঠাতা, যেখানে কাজ করছেন শীর্ষস্থানীয় এআই গবেষক ও প্রকৌশলীরা।

এপ্রিলে মেটার এআই মডেল ‘লামা ৪’ প্রকাশের পর ডেভেলপারদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি কোম্পানিটি। ওই সময় মেটার এআই অগ্রগতিতে হতাশ হয়ে পড়েন জাকারবার্গ। 

এ কারণে, কোম্পানিটির এআই নিয়ে কাজের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছেন তিনি। যাতে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আরও শক্তভাবে প্রতিযোগিতা করতে পারে মেটা।

সোমবার জাকারবার্গ আরও লিখেছেন, “আমাদের সুপারইনটেলিজেন্স প্রকল্পের জন্য শিল্পের সবচেয়ে দক্ষ ও প্রতিভাবান দল গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি আমি।”