Published : 03 Sep 2026, 07:56 PM
নিজস্ব চিপ তৈরির প্রতিযোগিতার পরও ওপেনএআই প্ল্যাটফর্মে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে জনপ্রিয় ডেভেলপার প্ল্যাটফর্ম হাগিং ফেইস ১ হাজার ২৯৩ কোটি ডলারে কিনে নিয়েছে মার্কিন সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়া।
বৃহস্পতিবার এ চুক্তি সম্পাদনের পর এনভিডিয়ার শেয়ারের দাম কিছুটা নিম্নমুখী ছিল। তবে এ চুক্তিকে কোম্পানিটির ইতিহাসের অন্যতম বড় অধিগ্রহণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের ওপেনসোর্স প্রযুক্তিতে এনভিডিয়া এরইমধ্যে বড় একটি নাম, বিশেষ করে তাদের বহুল ব্যবহৃত ‘নেমোট্রন মডেল ও প্রযুক্তিটির পক্ষে জোরালো অবস্থানের জন্য তারা পরিচিত।
হাগিং ফেইস অধিগ্রহণের ফলে এনভিডিয়া সরাসরি এমন প্ল্যাটফর্মের মালিকানা পেল, যেখানে বিশ্বজুড়ে ডেভলপাররা এআই টুল তৈরি, পরীক্ষা ও শেয়ারে কাজ করেন।
এ ক্রয় চুক্তি এনভিডিয়াকে মূল্যবান ডেটা ও কৌশলগত সুবিধা দেবে, যা শীর্ষ আমেরিকান ও চীনা বিভিন্ন ল্যাবের সঙ্গে প্রতিযোগিতায় কোম্পানিটিকে এগিয়ে রাখবে।
এআই ব্যবহারের বিপুল খরচের কারণে বিভিন্ন কোম্পানির মধ্যে ওপেনওয়েট বিভিন্ন মডেলের চাহিদা নাটকীয়ভাবে বাড়ছে।
এ সুযোগে চীনের ‘ডিপসিক’ ও ‘জেডডটএআই’-এর মতো বিভিন্ন কোম্পানি দ্রুত বাজারে বড় অবস্থান তৈরি করেছে। কম খরচে কম্পিউটার কোড লেখার মতো জটিল কাজে এগুলো আমেরিকার সেরা বিভিন্ন এআই মডেলের সঙ্গে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করছে।
চীনা বিভিন্ন এআই মডেলের এ আধিপত্য মার্কিন বিভিন্ন কোম্পানি বেজিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এ প্রযুক্তিতে বিশ্বজুড়ে একচ্ছত্র অধিপত্য বিস্তারের দৌড়ে নেমেছে।
“হাগিং ফেইস পুরো এআই ইকোসিস্টেমের জন্য উন্মুক্ত এক প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে” উল্লেখ করে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, হাগিং ফেইস ব্যবহার করে কিছু তৈরি বা পরিচালনা করতে তাদের কোম্পানির চিপ ব্যবহার বাধ্যতামূলক হবে না।
চুক্তির শর্ত অনুসারে, এনভিডিয়া হাগিং ফেইসের বিনিয়োগকারীদের প্রায় ১ হাজার ১৯০ কোটি ডলার পরিশোধ করবে। পাশাপাশি যেসব কর্মী এনভিডিয়ায় যোগ দেবেন তাদের জন্য ইক্যুইটিভিত্তিক ধরে রাখার কর্মসূচি হিসেবে সর্বোচ্চ ১০০ কোটি ডলারের সুবিধা রাখা হয়েছে।
এনভিডিয়ার জন্য ওপেনসোর্স প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো এক কৌশলগত পদক্ষেপ। কারণ, মেটা, ওপেনএআই ও মাইক্রোসফটের মতো বড় গ্রাহকরা এনভিডিয়ার ব্যয়বহুল ও সীমিত সরবরাহের প্রসেসরের ওপর নির্ভরতা কমাতে নিজেদের এআই চিপ তৈরি করছে।
ফলে, আগামীতে তাদের চাহিদা কমে গেলেও এ উদ্যোগ এনভিডিয়ার বাজার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।
সাম্প্রতিক সময়ে হাগিং ফেইস খবরের শিরোনামে এসেছিল অন্য এক কারণেও, যেখানে ওপেনএআইয়ের টেস্টিং এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে আসা কিছু অনিয়ন্ত্রিত ‘এআই এজেন্ট’-এর হ্যাকিংয়ের শিকার হয়েছিল প্ল্যাটফর্মটি।
এআই মডেল হোস্ট করার পাশাপাশি হাগিং ফেইস ডেটাসেট, সফটওয়্যার লাইব্রেরি ও ক্লাউড পরিষেবাও দিয়ে থাকে, যা এআই অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
ইনটেল, ‘এডভান্সড মাইক্রো ডিভাইসেস’ বা এএমডি ও অ্যামাজনের বিনিয়োগপুষ্ট নিউ ইয়র্কভিত্তিক স্টার্টআপটি ২০১৬ সালে ফরাসি উদ্যোক্তা ক্লেমেন্ট দেলাঙ্গু, জুলিয়েন চমন্ড ও টমাস ওলফ প্রতিষ্ঠা করেছেন।
আরও পড়ুন…