‘স্কুল পার্টনারশিপ’ প্রোগ্রামের পরিধি বাড়াল ইনস্টাগ্রাম
স্কুল কর্তৃপক্ষ ব্রডকাস্ট চ্যানেলও তৈরি করতে পারবেন, যার মাধ্যমে তারা শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মতো পুরো কমিউনিটির কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের ভেরিফাইড শিক্ষার্থীদের জন্য স্কুল পার্টনারশিপ প্রোগ্রামের পরিধি আরও বাড়িয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম।
গেল বছর এ প্রোগ্রামটি চালু করেছিল ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। তখন অংশ নেওয়া বিভিন্ন স্কুলকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অ্যাপটিতে শিক্ষার্থীরা বুলিয়িং বা হয়রানির শিকার হলে তাদের রিপোর্টের বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
ওই সময় মেটা বলেছিল, পার্টনার স্কুলগুলোর বিভিন্ন রিপোর্ট মডারেশন কিউ-তে এগিয়ে রাখা হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলোর জবাব দেবে।
নতুন আপডেটের ফলে পার্টনার স্কুলগুলো এখন বিভিন্ন ক্লাব ও দল তৈরি করতে পারবে, যা তথ্য ও আসন্ন ইভেন্টগুলো আদান-প্রদানের কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে।
এসব ক্লাব ও সার্বিক স্কুল প্রোগ্রামের অ্যাডমিনরা এখন ইনস্টাগ্রাম স্টোরিজ ও নোটস পোস্ট করতে পারবেন। যেমন, কোনো স্কুলের বাস্কেটবল টিমের অ্যাডমিন স্টোরিতে ট্রায়াল বা নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে পোস্ট করতে পারেন।
এ ছাড়া, স্কুল কর্তৃপক্ষ ব্রডকাস্ট চ্যানেলও তৈরি করতে পারবেন, যার মাধ্যমে তারা শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মতো পুরো কমিউনিটির কাছে গুরুত্বপূর্ণ আপডেট বা বার্তা পৌঁছে দিতে পারবেন।
ইনস্টাগ্রামের স্কুল পার্টনারশিপ প্রোগ্রামের নতুন আপডেট অনুসারে, স্কুলগুলোর বিশেষ স্টোরিজ ও নোটস কেবল ভেরিফাইড শিক্ষার্থীরাই দেখতে পাবেন।
শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করতে থার্ড-পার্টি সার্ভিস ‘ইউনিডেইজ’-এর সঙ্গে কাজ করছে মেটা, যার মাধ্যমে স্কুল কমিউনিটিতে যোগ দেওয়ার আগেই শিক্ষার্থীদের পরিচয় যাচাই করা যাবে।
যাচাইকৃত বা ভেরিফাইড শিক্ষার্থীরা একটি স্কুল ডিরেক্টরি অ্যাক্সেস করতে পারবেন, যেখানে তাদের ভেরিফাইড সহপাঠীদের তালিকা থাকবে।
এ ছাড়া, শিক্ষার্থীরা তাদের প্রোফাইলে একটি স্কুল ব্যানার যোগ করা যাবে, যা কেবল অন্য শিক্ষার্থী ও তাদের ফলোব্যাক করা টিনএজার বা বন্ধুরা দেখতে পাবেন।
ইনস্টাগ্রামের এসব নতুন ফিচার মঙ্গলবার থেকেই কার্যকর করা হচ্ছে।
