Published : 06 Jan 2024, 05:26 PM
টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এবং অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের হতে পারে বছরের প্রথমার্ধেই।
অ্যাপলের বিরুদ্ধে বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা ‘ডিওজে’র তদন্ত ‘শেষ পর্যায়ে’ রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
বিশ্বের হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিষেবাগুলোর উপর অ্যাপলের একচেটিয়া নিয়ন্ত্রণ ও কীভাবে কোম্পানিটি অনেকটা ‘প্রাচীর দিয়ে বাগান ঘিরে ফেলার’ মতো করে প্রতিযোগীদের দূরে সরিয়ে রেখে গ্রাহকদের বেলায় অ্যাপল ছাড়া অন্য প্রতিযোগীর পণ্যগুলো কেনা কঠিন করে তুলেছে — এসব বিষয়ের ওপরই তদন্তের নজর বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টাইমস।
সেইসঙ্গে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিচার বিভাগ তাদের তদন্ত প্রতিবেদনের পরিসর আগের চেয়ে আরও বাড়িয়েছে।
তদন্তের অন্যান্য বিষয়গুলোর মধ্যে আরও উঠে এসেছে, অ্যাপল ওয়াচকে অ্যাপল কীভাবে আইফোননির্ভর করে তুলেছে যার ফলে আইফোন ব্যবহারকারীরা অন্য স্মার্টওয়াচকে দূরে সরিয়ে রাখছেন এবং কোন যুক্তিতে আইমেসেজ সেবাটি অ্যাপল অন্যান্য প্ল্যাটফর্মে আনছে না।
ইউনিভার্সাল চ্যাটিং অ্যাপ ‘বিপার’এর কর্মকর্তারা আইমেসেজ ইন্টিগ্রেশন প্রশ্নে এর আগে অ্যাপলের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। এ ছাড়াও অ্যাপলের ট্র্যাকিং ডিভাইস ‘এয়ারট্যাগ’ আসার আরও অনেক আগে থেকেই র ব্লুটুথ ট্র্যাকার তৈরি করেছে ‘টাইল’। দুই কোম্পানির নির্বাহীরাই তদন্তকারীদের সঙ্গে আলাপ করেছেন।
আইফোনে প্রতিদ্বন্দ্বীদের ট্যাপ-টু-পে ব্যবহার কঠিন করে তোলায় অ্যাপলের রেওয়াজ সম্পর্কে সংস্থাটি ব্যাংকিং খাত এবং বিভিন্ন পেমেন্ট অ্যাপের প্রতিনিধিদের সাথে আলাপ করেছে বলে জানা গেছে।
এদিকে মেটাও তদন্তকারীদের সঙ্গেও কথা বলেছে। অ্যাপলের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) প্রাইভেসি টুল খতিয়ে দেখতে বিচার বিভাগকে বলেছে কোম্পানিটি। ২০২১ সালে চালু হওয়া এটিটি ব্যবহারকারীদের ডিভাইস থেকে বিজ্ঞাপনদাতাদের ডেটা সংগ্রহে বাধা দেয়। এটি এমন একটি টুল যেটি, মেটার মতে, তাদের হাজার কোটি ডলার ক্ষতির কারণ হতে পারে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সাম্প্রতিক বছরগুলোয় অ্যাপলের ডিজিটাল পেমেন্ট বিষয়ে স্পটিফাই, এপিক গেইমস এবং ডেটিং কর্পোরেশন ম্যাচ গ্রুপের আপত্তির বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে।
যুক্তরাষ্টের ফেডারেল সরকারের হাত পূর্ণ রয়েছে বিভিন্ন টেক জায়ান্টের বিরুদ্ধে ‘অ্যান্টিট্রাস্ট’ মামলায়। এরইমধ্যে মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে দুটি ‘অ্যান্টিট্রাস্ট’ মামলা চালাচ্ছে। অন্যদিকে ফেডারেল ট্রেড কমিশন (এটিসি) মামলা করেছে মেটা ও অ্যামাজনের বিরুদ্ধে।