১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রহস্যময় ও শক্তিশালী ‘অক্স আলফা’ এআই কে বানাল?

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির শীর্ষে পৌঁছানোর দৌড়ের মধ্যে এ নতুন মডেলের পেছনে মূল কারিগর কারা তা জানতে রীতিমতো গবেষণায় নেমেছেন বাজার বিশ্লেষকরা।

রহস্যময় ও শক্তিশালী ‘অক্স আলফা’ এআই কে বানাল?
নতুন মডেলটি অ্যানথ্রপিক বা ওপেনএআইয়ের মতো শীর্ষস্থানীয় মডেলগুলোর সমকক্ষ। ছবি: অক্স আলফা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 10:06 AM

Updated : 11 Sep 2026, 03:54 PM

ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রযুক্তি জায়ান্টদের সমান সম্পূর্ণ নতুন ও রহস্যময় এক এআই মডেল উন্মুক্ত হয়েছে অনলাইনে।

পরিচয় গোপন রাখা একদল উদ্ভাবকের তৈরি ‘অক্স আলফা’ নামের শক্তিশালী মডেলটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাওয়ায় বৈশ্বিক এআই অঙ্গনে তৈরি হয়েছে তুমুল কৌতূহল ও তোলপাড়।

ওপেন সোর্স প্ল্যাটফর্ম ও অনলাইন এআই মার্কেটপ্লেস ‘ওপেনরাউটার’-এ চালুর পর থেকেই মডেলটি চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

প্রাথমিক বিভিন্ন বেঞ্চমার্ক ও কার্যক্ষমতার পরীক্ষায় ইঙ্গিত মিলেছে, নতুন এআই মডেলটি প্রযুক্তি জায়ান্ট অ্যানথ্রপিক বা ওপেনএআইয়ের মতো শীর্ষস্থানীয় মডেলগুলোর সমকক্ষ।

গেল সপ্তাহে ওপেনরাউটারে হঠাৎ করেই অক্স আলফা মডেলটি দেখা যায়, সেখানে মডেলটিকে ‘স্টিল মডেল’ হিসেবে লেবেল এবং বিবরণীতে বলা হয়েছে, মডেলটি ‘থার্ড-পার্টি সরবরাহকারীদের মাধ্যমে পরিচালিত ও বিকশিত, যারা প্রাথমিক ট্রায়াল চলাকালীন নিজেদের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন’।

ওপেনরাউটার বলেছে, ব্যবহারকারীরা এ সিস্টেমে যে সব প্রম্পট বা ডেটা ইনপুট দেবেন তা ‘সরবরাহকারীদের কাছে সংরক্ষিত থাকবে’।

একইসঙ্গে তারা বলেছে, এসব তথ্য এআইয়ের পরবর্তী প্রশিক্ষণে ব্যবহৃত হবে না। তবে, ‘তাদের’ পরিচয় নিশ্চিত করা না যাওয়ায় ব্যবহারকারীদের দেওয়া তথ্যের নিরাপত্তা বা ভবিষ্যৎ ব্যবহার নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে প্রশ্ন থাকলেও এআই ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা এরইমধ্যেই মডেলটি ব্যবহার শুরু করেছেন। বড় প্রক্রিয়াকরণ সক্ষমতাওয়ালা ‘অক্স আলফা’ টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও ইনপুট প্রসেস করতে পারে।

বড় আকারের এ মডেলটি প্রায় সীমাহীন ব্যবহারের সুবিধাসহ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনের শীর্ষ ব্যক্তিরাও মডেলটির সক্ষমতার প্রশংসায় করেছেন।

‘অক্স আলফা’কে ‘প্রভাবশালী ও চমৎকার’ বলে বর্ণনা করেছেন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘স্ট্রাইপ’-এর প্রধান নির্বাহী প্যাট্রিক কলিসন।

এদিকে, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির শীর্ষে পৌঁছানোর দৌড়ের মধ্যেই অক্স আলফার হঠাৎ আগমন ও এর পেছনে মূল কারিগর কারা তা উন্মোচনে রীতিমতো গবেষণায় নেমেছেন বাজার বিশ্লেষকরা।

রহস্যময় এআই সিস্টেম পরিচালনাকারীদের পরিচয় গোপনের বিষয়টি প্রযুক্তি বিশেষজ্ঞ ও গবেষকদের মধ্যে অনুমান ও জল্পনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ফোরামগুলোতে শুরুতে বেশিরভাগ আলোচনার তীর ছিল চীনা এআই কোম্পানিগুলোর দিকেই। তবে এর পক্ষে জোরালো কোনো প্রমাণ মেলেনি।

অতীতে চীনের বেশ কয়েকটি প্রযুক্তি ও এআই কোম্পানি তাদের তৈরি বিশ্বমানের বিভিন্ন সিস্টেম কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা বা ঢাকঢোল না পিটিয়েই নিঃশব্দে বাজারজাত করেছিল।

যেমন, চীনা কোম্পানি ‘জেড ডটএআই’ প্রথম দিকে ‘জিএলএম-৫’ নামের এক শক্তিশালী মডেল আলাদা ছদ্মনামে বাজারে চালু করেছিল। প্রযুক্তিবিদদের ধারণার তালিকায় ‘অক্স আলফা’র পেছনেও একই কোম্পানির হাত থাকতে পারে।

কেবল একটি কোম্পানিই নয়, বরং টিকটকের মূল কোম্পানি ‘বাইটড্যান্স’ থেকে শুরু করে চীনের ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’র মতো শীর্ষ সারির একাধিক গ্লোবাল প্রযুক্তি জায়ান্ট এর আগে তাদের তৈরি এআই মডেল বিশ্বমঞ্চে নামিয়ে শুরুতেই নিজেদের নাম প্রকাশ্যে আনেনি।

এ কারণে আন্তর্জাতিক এআই অঙ্গনে জল্পনা আরও জোরালো হচ্ছে যে, সিলিকন ভ্যালিকে চমকে দেওয়া ‘অক্স আলফা’র আসল উদ্ভাবক হয়ত কোনো চীনা প্রযুক্তি কোম্পানি।