১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রতীক্ষিত জিপিটি ৫ উন্মোচন করল ওপেনএআই

স্যাম অল্টম্যান বলেন, “এটা এতটাই দ্রুত যে কখনও কখনও মনে হয়, সত্যিই কি এটা যথেষ্ট ভেবে উত্তর দিচ্ছে? অথচ পরক্ষণেই চমৎকার, সূক্ষ্মভাবে চিন্তা করা উত্তর দিয়ে ফেলে।”

প্রতীক্ষিত জিপিটি ৫ উন্মোচন করল ওপেনএআই
বিনামূল্যেই ব্যবহার করা যাবে জিপিটি ৫। ছবি: ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

প্রযুক্তি জগতে বহুল প্রতীক্ষিত জিপিটি-৫ উন্মোচন করেছে ওপেনএআই। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এখন থেকেই ব্যবহার করা যাবে। এমনকি বিনামূল্যের ব্যবহারকারীরাও এর সুবিধা পাবেন।

জিপিটি-৫ নিয়ে ওপেনএআই দাবি করছে, এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত মডেল। কোড লেখা, কনটেন্ট তৈরি করা, নিরাপত্তা, নির্ভুলতা ও ব্যবহারকারীর নির্দেশনা বুঝে কাজ করার ক্ষেত্রে আগের যেকোনো সংস্করণের চেয়ে এটি অনেক বেশি দক্ষ।

এই উন্মোচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেন, “জিপিটি-৫ ব্যবহার করলে মনে হয়, আপনি যেন একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।”

বছরের শুরুতে স্যাম অল্টম্যান জানিয়েছিলেন, জিপিটি-৫ ব্যবহারকারীদের জন্য একটি ‘একীভূত অভিজ্ঞতা’ আনবে। নতুন মডেলটি সেই প্রতিশ্রুতিই পূরণ করেছে বলে দাবি করছেন তিনি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমবারের মতো ওপেনএআইয়ের ডিফল্ট সিস্টেম হিসাবে যুক্ত হয়েছে একটি উন্নত রিজনিং মডেল, যা জটিল সমস্যা বিশ্লেষণ করতে ধাপে ধাপে সমাধান করতে সক্ষম।

আগে যারা বিনামূল্যে জিপিটি ব্যবহার করতেন, তাদের রিজনিং মডেল ব্যবহারের জন্য আলাদাভাবে ‘থিংক লংগার’ অপশন চালু করতে হতো। ফলে অনেক ব্যবহারকারী জানতেই পারতেন না যে, ওপেনএআইয়ের আরও শক্তিশালী মডেল রয়েছে। তবে জিপিটি-৫ সেই অভিজ্ঞতাকে অনেক সহজ ও স্বয়ংক্রিয় করে দিয়েছে।

নতুন জিপিটি-৫ মডেলটি এখন গ্রাহক পর্যায়ে তিনটি সংস্করণে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে জিপিটি-৫ মিনি, যা তখনই চালু হয় যখন ব্যবহারকারী মূল জিপিটি-৫ ব্যবহারের সীমা ছাড়িয়ে যান। এ ছাড়া রয়েছে জিপিটি-৫ প্রো, যা কেবল ওপেনএআইয়ের দুইশ ডলারের মাসিক ‘প্রো প্ল্যান’ গ্রাহকদের জন্য উন্মুক্ত।

যুক্তিনির্ভর প্রশ্নে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দ্রুত প্রতিক্রিয়া দেখায় জিপিটি-৫। ওপেনএআইয়ের আগের ফ্ল্যাগশিপ মডেল ও৩-এর তুলনায় এটি অনেক দ্রুত ও কার্যকর।

সংবাদ সম্মেলনে স্যাম অল্টম্যান বলেন, “এটা এতটাই দ্রুত যে কখনও কখনও মনে হয়, সত্যিই কি এটা যথেষ্ট ভেবে উত্তর দিচ্ছে? অথচ ঠিক পরক্ষণেই চমৎকার, সূক্ষ্মভাবে চিন্তা করা উত্তর দিয়ে ফেলে।”

এর চেয়েও গুরুত্বপূর্ণ দিক হলো, জিপিটি-৫ আগের যে কোনো রিজনিং মডেলের তুলনায় অনেক কম ভুল করে। ওপেনএআই দাবি করেছে, নতুন এই মডেলে তথ্যভিত্তিক ভুল বা তথাকথিত ‘হ্যালুসিনেশন’-এর হার পূর্ববর্তী ও৩ মডেলের তুলনায় প্রায় ৮০ শতাংশ কম।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে এ অগ্রগতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এতদিন যুক্তিভিত্তিক এআই মডেলগুলো মূলত ভুল তথ্য উপস্থাপনের কারণে সমালোচিত হতো। জিপিটি-৫ যদি বাস্তব প্রয়োগে এই সমস্যা কাটিয়ে উঠতে পারে, তবে সেটি এআই প্রযুক্তির এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

নিরাপত্তার দিক থেকেও জিপিটি-৫ এখন পর্যন্ত ওপেনএআইয়ের সবচেয়ে নিরাপদ এআই মডেল বলে দাবি করেছে কোম্পানিটি। নতুন এই সংস্করণে যুক্ত হয়েছে ‘সেইফ কমপ্লেশনস’ নামের একটি ফিচার, যা বিতর্কিত বা সংবেদনশীল প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করে।

ওপেনএআইয়ের সেইফটি রিসার্চ প্রধান অ্যালেক্স বিউটেল বলেন, “আগে আমরা শুধু প্রশ্নটি নিরাপদ মনে হলে উত্তর দিতাম, আর অনিরাপদ মনে হলে দিতাম না। কিন্তু অনেক প্রশ্ন এমনভাবে করা যায় যাতে বোঝা কঠিন হয়ে পড়ে যে, সেটি ক্ষতিকর উদ্দেশ্যে না কি নিছক বৈজ্ঞানিক কৌতূহল থেকে করা হয়েছে।”

‘সেইফ কমপ্লেশনস’ ফিচারের মাধ্যমে জিপিটি-৫ এখন আরও সতর্ক ও প্রাসঙ্গিকভাবে ভারসাম্যপূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করে; বিশেষ করে এমন প্রশ্নে, যেগুলোর পেছনে ক্ষতিকর উদ্দেশ্য থাকার আশঙ্কা থাকে।

বিউটেল বলেন, “ধরা যাক, কেউ জিজ্ঞেস করল, একটি নির্দিষ্ট পদার্থ জ্বালাতে কত শক্তি লাগে। এটি যেমন একজন ছাত্রের বিজ্ঞানভিত্তিক কৌতূহল থেকে হতে পারে, আবার ক্ষতিকর উদ্দেশ্যেও করা হতে পারে। এইসব জটিলতা সামলাতে জিপিটি-৫ এখন আরও সাবধান, বুদ্ধিমান এবং ভারসাম্য বজায় রেখে উত্তর দেয়।”

তিনি আরও বলেন, ‘সেইফ কমপ্লেশনস’ এমনভাবে নকশা করা হয়েছে, যাতে উত্তরটি ব্যবহারকারীর জন্য সহায়ক হয়, কিন্তু ওপেনএআইয়ের নির্ধারিত নিরাপত্তা নীতির বাইরে না যায়। যেমন, কোনো প্রশ্নের সম্ভাব্য উত্তর যদি বিপজ্জনক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ থাকে, তখন জিপিটি-৫ এমনভাবে উত্তর দেয় যাতে তা যথাসম্ভব সাধারণ ও নিরপেক্ষ থাকে, এবং অপব্যবহারের সুযোগ না থাকে।

স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে জিপিটি-৫ আগের চেয়ে আরও বেশি সচেতন ও দক্ষ বলেও দাবি ওপেনএআইয়ের। এটি ব্যবহারকারীর প্রশ্ন বিশ্লেষণ করে উদ্বেগজনক কোনো বিষয় থাকলে তা চিহ্নিত করতে পারে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে। পাশাপাশি, জিপিটি-৫ ব্যবহারকারীর জ্ঞানের স্তর ও অবস্থান বুঝে আরও সঠিক ও প্রাসঙ্গিক উত্তর দেয়।

লেখালেখির ক্ষেত্রেও এটি আগের চেয়ে বেশি উন্নত হয়েছে এবং ব্যবহারকারীর খসড়া লেখাকে আরও ‘আকর্ষণীয় ও প্রভাবশালী’ কনটেন্টে রূপান্তর করার সক্ষমতা অর্জন করেছে।

নতুন আপডেটে চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার। ব্যবহারকারীরা এখন চ্যাটিং উইন্ডোর জন্য নিজের পছন্দের রং বেছে নিতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য থাকবে বিশেষ কিছু রঙের অপশন।

আরও বড় পরিবর্তন হলো, চ্যাটজিপিটিকে সহজেই জিমেইল, গুগল ক্যালেন্ডার এবং গুগল কনটাক্টস-এর সঙ্গে সংযুক্ত করার সুবিধা। একবার সংযোগ হওয়ার পর চ্যাটবট স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী ওই অ্যাকাউন্টগুলোকে 'রেফারেন্স' হিসাবে ব্যবহার করবে, আর আলাদা করে তথ্য বেছে নেওয়ার প্রয়োজন পড়বে না। এই ফিচারটি আগামী সপ্তাহ থেকে প্রথমে প্রো গ্রাহকদের জন্য চালু হবে এবং পরে ধাপে ধাপে অন্যদের জন্যও উন্মুক্ত করা হবে।

সেইসঙ্গে, কাস্টম ইনস্ট্রাকশন প্যানেলে নতুন চারটি প্রি-সেট পার্সোনালিটি যোগ করা হয়েছে—সাইনিক, রোবট, লিসেনার এবং নার্ড। এই অপশনগুলো একটি রিসার্চ প্রিভিউ হিসেবে ব্যবহারকারীদের জন্য থাকবে, এবং যে কোনো সময় ব্যবহারকারী সহজেই এগুলো পরিবর্তন বা বন্ধ করতে পারবেন।