একদিনেই আলিবাবার এআই যোগের নির্দেশিকা সরিয়ে নিল অ্যাপল
শনিবার অ্যাপলের চীনা ওয়েবসাইটে উল্লেখ ছিল, ম্যাকওএসে অ্যাপল ইন্টেলিজেন্স আনুষ্ঠানিকভাবে আলিবাবার কুইয়েন মডেলের সঙ্গে যুক্ত হয়েছে।
চীনের মূল ভূখণ্ডের ম্যাক ব্যবহারকারীরা অ্যাপলের সিস্টেমে আলিবাবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা যোগ করতে পারবেন– এমন এক নির্দেশিকা সরিয়ে নিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল।
রোববারের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে চীনা সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।
অ্যাপলের একজন গ্রাহক সেবা প্রতিনিধি গ্লোবাল টাইমসের কাছে ওয়েব পেইজটি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, নির্দেশিকাটি সরিয়ে ফেলার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।
এর আগে, শনিবার অ্যাপলের চীনা ওয়েবসাইটে উল্লেখ ছিল, ম্যাকওএসে অ্যাপল ইন্টেলিজেন্স আনুষ্ঠানিকভাবে আলিবাবার কুইয়েন মডেলের সঙ্গে যুক্ত হয়েছে।
অ্যাপলের ম্যাক নির্দেশিকার একটি স্ক্রিনশটে দেখা গিয়েছিল, ফিচারটি চালু হলে কুইয়েনের সহায়তা নিয়ে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি যে কোনো ছবি ও ফাইল বিশদভাবে বিশ্লেষণ করতে পারবে।
পাশাপাশি অ্যাপলের নিজস্ব রাইটিং টুল ব্যবহারকারীর নির্দেশনা অনুসারে টেক্সট ও ছবি তৈরি করে দিতে পারবে। যেমন, ব্যবহারকারী চাইলে সিরিকে নির্দেশ দিয়ে কুইয়েনের মাধ্যমে কবিতাও লিখিয়ে নিতে পারবেন।
নির্দেশিকা অনুসারে, কুইয়েন এক্সটেনশনটি ‘ম্যাকওএন ২৬.৬’ বা তার পরবর্তী সংস্করণে কাজ করবে। তবে সুবিধাটি কেবল চীনের মূল ভূখণ্ডের ব্যবহারকারী বা ওই অঞ্চল থেকে কেনা ডিভাইসের জন্যই সীমাবদ্ধ রাখা হয়েছে।
চীনজুড়ে অ্যাপলের বহুল আলোচিত এআই সেবা আনুষ্ঠানিকভাবে চালুর প্রক্রিয়ার মধ্যেই নির্দেশিকাটি সরিয়ে নেওয়ার ঘটনা ঘটল।
রোববার প্রযুক্তি বিশ্লেষক লিউ ডিংডিং বলেছেন, “চলমান নীতিগত অনুমোদনের অগ্রগতির মধ্যেই হয়ত কারিগরি দিকগুলোতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এ কারণে এই সাপোর্ট-গাইড পেইজটি সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।”
১৫ জুলাই চীনের সাইবার স্পেস নিয়ন্ত্রক সংস্থা জেনারেটিভ এআই সার্ভিসের যে নতুন নিবন্ধন তালিকা প্রকাশ করেছে, সেখানে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’সহ মোবাইল ফোনের জন্য সাতটি অন-ডিভাইস জেনারেটিভ এআই সার্ভিস নিবন্ধন সম্পন্ন করেছে।
‘সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না’র অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টের তথ্য অনুসারে, রেজিস্ট্রেশন তালিকায় অ্যাপল ইন্টেলিজেন্সের নিবন্ধক হিসেবে ‘অ্যাপল টেকনোলজি ডেভেলপমেন্ট সাংহাই’ কোম্পানির নাম উল্লেখ রয়েছে।
এ বছরের জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনে অ্যাপলের আইফোন, আইপ্যাড, ম্যাক ও ভিশন প্রো সব ধরনের অপারেটিং সিস্টেমে অ্যাপল ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত হবে আলিবাবার কুইয়েন মডেল।
