Published : 23 Aug 2026, 05:31 PM
বিশ্বজুড়ে মেমোরি চিপের বাজারে অস্থিরতা ও দামবৃদ্ধির কারণে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপওয়ালা সার্ভারের দাম ১৫ শতাংশেরও বেশি বাড়াচ্ছে এনভিডিয়া।
চিপ নির্মাতা মার্কিন কোম্পানিটির এমন পদক্ষেপ আগামী বছরের শুরুতেই বাস্তবায়িত হবে বলে শনিবার এক প্রতিবেদনে লিখেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।
প্রতিবেদন বলছে, আগামী বছরের শুরুতে ক্রেতাদের কাছে যে নতুন সার্ভার সিস্টেম পৌঁছাবে, সেখানে কার্যকর হচ্ছে এ বাড়তি দাম। এ সিদ্ধান্তের প্রভাব পড়বে ফ্ল্যাগশিপ ‘ভেরা রুবিন’ ও ‘গ্রেস ব্ল্যাকওয়েল’ চিপচালিত সার্ভারে।
চিপের প্রজন্ম ও ব্যবহৃত মেমোরি কনফিগারেশনের ওপর ভিত্তি করে দামবৃদ্ধির পরিমাপ নির্ধারিত হবে।
ব্লুমবার্গের এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
অন্যদিকে, ছুটির দিন হওয়ায় এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এনভিডিয়া।
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ও ওরাকলের মতো বিশ্বসেরা ডেটা সেন্টার চালানো কোম্পানির জন্য চুক্তিভিত্তিক সার্ভার তৈরি করে এমন বিভিন্ন কোম্পানিকে এরইমধ্যে এ বাড়তি দামের আপডেট পাঠানোর কথা প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ।
আগামী ২৬ অগাস্ট নিজেদের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ঘোষণা করতে যাচ্ছে বিশ্বজুড়ে এআই অবকাঠামো গড়ে তোলার মূল কারিগর ও শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।
বর্তমান এআই খাতের জন্য কোম্পানিটিকে পুরো ইকোসিস্টেমের একক প্রতিচ্ছবি বা ‘প্রক্সি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চিপ নির্মাতাদের শীর্ষ স্থান দখলের পাশাপাশি ডেটা সেন্টারের সক্ষমতা দ্রুত সম্প্রসারণে অর্থায়ন করা অন্যান্য কোম্বপানির সক্ষমতার সূচকও এখন নির্ভর করছে এনভিডিয়ার ওপর।