Published : 11 Jan 2026, 01:38 PM
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপটিকে আরও সহজ করার লক্ষ্যে তিনটি নতুন আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
এসব আপডেট প্রধাণত আসছে গ্রুপ চ্যাটের জন্য। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটি হচ্ছে ‘মেম্বার ট্যাগ’। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি গ্রুপে নিজের নামের সঙ্গে একটি করে ‘ট্যাগ’ বা ছোট পরিচয় যোগ করতে পারবেন, যাতে অন্যরা সহজেই বুঝতে পারে গ্রুপে সেই ব্যক্তির ভূমিকা বা পরিচয় কী।
এ আপডেট এমন সব হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে কাজে লাগবে, যেখানে একই নামের একাধিক সদস্য রয়েছেন। যেসব গ্রুপে সদস্যরা এখনও একে অপরের সঙ্গে খুব একটা পরিচিত নন সেখানেও নতুন আপডেটটি বেশ কার্যকর বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট।
সাম্প্রতিক বছরগুলোতে হোয়াটসঅ্যাপের বড় ধরনের পরিবর্তনেরই অংশ হচ্ছে এই আপডেট। একসময় কেবল বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার মাধ্যম ছিল মেটার মালিকানাধীন অ্যাপটি।
তবে এখন এমন এক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে হোয়াটসঅ্যাপ, যেখানে অনেক মানুষ সাধারণ কোনো আগ্রহের বিষয় নিয়ে বড় ‘কমিউনিটি’ বা দল তৈরি করে যুক্ত থাকতে পারেন।
হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে বলেছে, “আমরা সবাই জীবনে একেক সময় একেক ভূমিকা পালন করি। ফলে মাঝেমধ্যে গ্রুপ চ্যাটিংয়ে নিজের পরিচয় আরও স্পষ্টভাবে তুলে ধরার প্রয়োজন হয়।
“এখন আপনি নিজের জন্য এমন এক ট্যাগ ব্যবহার করতে পারবেন, যা গ্রুপে আপনার ভূমিকা বা পরিচয় জানিয়ে দেবে। প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা ট্যাগ সেট করতে পারবেন আপনি। যেমন একটি গ্রুপে আপনার পরিচয় হতে পারে ‘আন্নার বাবা’, আবার অন্য একটি গ্রুপে আপনি নিজের পরিচয় দিতে পারেন ‘গোলকিপার’ হিসেবে।”
হোয়াটসঅ্যাপে যোগ হওয়া বাকি দুটি নতুন ফিচার হচ্ছে ‘টেক্সট স্টিকার’ ও ‘ইভেন্ট রিমাইন্ডার।
এর মাধ্যমে ব্যবহারকারীরা ‘স্টিকার সার্চ’ বক্সে কোনো শব্দ লিখলেই সেটিকে স্টিকারে রূপান্তর করতে পারবেন।
অন্যদিকে, ‘ইভেন্ট রিমাইন্ডার’ ফিচারের সাহায্যে গ্রুপের সদস্যরা কোনো গ্রুপ কলের আগে নিজেদের পছন্দমতো সময়ে রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন।
এসব নতুন আপডেট কবে থেকে সবার জন্য চালু হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি হোয়াটসঅ্যাপ। সাধারণত এসব ফিচার পর্যায়ক্রমে চালু করে কোম্পানিটি, যা ব্যবহারকারীর ফোনের অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড বা আইওএস ও ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে।
এসব নতুন আপডেট এমন এক সময়ে আসছে যখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রমাগত সমালোচনার মুখে রয়েছে হোয়াটসঅ্যাপ।
গত বছরের নভেম্বরের শেষদিকে হোয়াটসঅ্যাপে গুরুতর এক ত্রুটি খুঁজে পান নিরাপত্তা গবেষকরা, যার ফলে বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর ফোন নম্বর ঝুঁকির মুখে পড়েছিল।