Published : 31 Oct 2025, 02:34 PM
চ্যাটবটের সঙ্গে টিনএজারদের কথোপকথনের সুযোগ বন্ধ করেছে এআই স্টার্টআপ ক্যারেক্টার ডটএআই। ১৮ বছরের কম বয়সীরা আর এই প্ল্যাটফর্মে চ্যাটবটের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে না।
বর্তমানে টিনএজার বা তরুণ ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন এআই কোম্পানির ওপর ক্রমাগত চাপ বাড়ছে। এ কারণেই ক্যারেক্টার ডটএআই এমন পদক্ষেপ নিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ১৮ বছরের নিচের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে কোনো ‘ওপেন এন্ডেড’ চ্যাটিংয়ে বা যেখানে ব্যবহারকারী ও চ্যাটবট সরাসরি আলাপ করে সেখানে অংশ নিতে পারবে না।
এসব পরিবর্তন নভেম্বর ২৫ থেকে কার্যকর করবে ক্যারেক্টার ডটএআই। এর আগে, ১৮ বছরের কম ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা দেবে স্টার্টআপটি। এতে বন্ধুত্ব বা সঙ্গ খোঁজার পরিবর্তে ব্যবহারকারীদের ভিডিও বা স্ট্রিম তৈরির মতো সৃজনশীল কাজে চ্যাটবটকে ব্যবহারের জন্য উৎসাহ দেবে ক্যারেক্টার ডটএআই।
নতুন পরিবর্তনকে মানিয়ে নিতে এখন ১৮ বছরের কম ব্যবহারকারীরা প্রতিদিন সর্বাধিক দুই ঘণ্টা চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবে। কোম্পানিটি বলেছে, নভেম্বরের শেষ সময়সীমার আগে ধীরে ধীরে এই সময়সীমা আরও কমিয়ে আনবে তারা।
বর্তমানে বয়স যাচাইয়ের নতুন এক টুল চালু করেছে স্টার্টআপটি। ক্যারেক্টার ডটএআই বলেছে, ব্যবহারকারীদের ‘নিজেদের বয়স অনুসারে সঠিক অভিজ্ঞতা নিশ্চিত করতে সাহায্য করবে এই টুল’।
টিনএজার ব্যবহারকারীদের জন্য এ নতুন সুরক্ষার পাশাপাশি ‘এআই সেইফটি ল্যাব’ প্রতিষ্ঠা করেছে ক্যারেক্টার ডটএআই। তারা আশা করছে, অন্যান্য কোম্পানি, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে মিলে এআই নিরাপত্তা উন্নয়নের জন্য তথ্য ভাগাভাগি ও সহযোগিতামূলক কাজ করতে ল্যাবটি কাজে আসবে।
ক্যারেক্টার ডটএআই বলেছে, নিয়ন্ত্রক সংস্থা, শিল্প বিশেষজ্ঞ ও উদ্বিগ্ন অভিভাবকদের উদ্বেগ শুনেছে তারা এবং সেই অনুযায়ী এ নতুন পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি যেসব এআই কোম্পানি ব্যবহারকারীদের চ্যাটবটকে সঙ্গী হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছে এমন সাতটি কোম্পানির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মার্কিন ‘ফেডারেল ট্রেড কমিশন’ বা এফটিসি। আর এ ঘটনার ঠিক পরই এমন পরিবর্তন আনছে ক্যারেক্টার ডটএআই।
এফটিসি’র সেই সাতটি কোম্পানির মধ্যে একটি ক্যারেক্টার ডটএআই। এ তালিকায় রয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবং স্ন্যাপচ্যাটও।