Published : 17 Feb 2026, 02:38 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের লড়াইয়ে এবার নতুন চমক নিয়ে এসেছে চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা। এআই এজেন্ট যুগের কথা মাথায় রেখে শক্তিশালী এআই মডেল উন্মোচন করেছে কোম্পানিটি।
সোমবার নিজেদের নতুন এআই মডেল ‘কোয়েন ৩.৫’ উন্মোচন করেছে চীনা ই কমার্স জায়ান্টটি। কোম্পানিটি দাবি, জটিল বিভিন্ন কাজ নিজে নিজেই করতে পারে এই মডেল।
আলিবাবা বলেছে, কার্যক্ষমতা ও খরচের দিক থেকে বড় মার্কিন প্রতিযোগীদের বিভিন্ন মডেলকেও বেশ কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছে তাদের এ নতুন মডেল।
রয়টার্স লিখেছে, বর্তমানে বাইটড্যান্সের ‘ডউবাও’ ও ‘ডিপসিক’-এর মতো বিভিন্ন এআই অ্যাপের জয়জয়কার চলছে চীনে, বিশেষ করে, গেল বছর বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে ডিপসিক। এ তীব্র প্রতিযোগিতার বাজারে নিজেদের কোয়েন চ্যাটবট অ্যাপে আরও বেশি ব্যবহারকারী টানতেই এ নতুন সংস্করণটি নিয়ে এসেছে আলিবাবা।
চীনা কোম্পানিটি বলেছে, কোয়েন ৩.৫ মডেলটি আগের তুলনায় ৬০ শতাংশ সাশ্রয়ী এবং বড় ধরনের কাজ সামলানোর ক্ষেত্রে ৮ গুণ শক্তিশালী।
মডেলটির বিশেষ সক্ষমতাকে কোম্পানিটি বলছে ‘ভিজুয়াল এজেন্টিক ক্যাপাবিলিটিস’। এর মাধ্যমে এআই মডেলটি মোবাইল বা ডেস্কটপ অ্যাপের ভেতরে নিজে থেকেই বিভিন্ন কাজ করতে পারবে বলে দাবি আলিবাবার।
এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “এআই এজেন্ট যুগের কথা মাথায় রেখেই মডেলটি তৈরি হয়েছে। ডেভেলপার ও বিভিন্ন কোম্পানিকে আগের সমপরিমাণ কম্পিউট শক্তি ব্যবহার করে আরও দ্রুত ও বেশি কাজের সুযোগ দেবে এ নতুন মডেল। প্রতি ইউনিটে কম খরচে আগের চেয়ে বেশি কাজ করে নতুন মানদণ্ড তৈরি করেছে কোয়েন ৩.৫।”
এদিকে, শনিবার নিজেদের জনপ্রিয় চ্যাটবট অ্যাপের নতুন সংস্করণ ‘ডউবাও ২.০’ উন্মোচন করেছে বাইটড্যান্স। বর্তমানে প্রায় ২০ কোটি ব্যবহারকারী নিয়ে চীনে সবার শীর্ষে রয়েছে এ অ্যাপটি। আলিবাবার মতো তাদের এ নতুন মডেলটিকে ‘এআই এজেন্ট’ যুগের উপযোগী হিসেবে তুলে ধরেছে বাইটড্যান্সও।
চীনে বিভিন্ন এআই মডেলের মধ্যকার এই তীব্র প্রতিযোগিতায় কোয়েন ৩.৫-এর বাজারে আসা আলিবাবাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।
এ মাসের শুরুতে নিজেদের চ্যাটবটের মাধ্যমে সরাসরি খাবার ও পানীয় কেনার জন্য কুপন দেওয়ার অফার চালু করেছিল আলিবাবা। কিছু কারিগরি ত্রুটি থাকার পরও সেই ক্যাম্পেইনের ফলে কোয়েন অ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এক ধাক্কায় সাত গুণ বেড়েছে।
গত বছরের শুরুতে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এআই স্টার্টআপ ডিপসিক। ওই সময় আলিবাবাই ছিল প্রথম বড় কোম্পানি যারা এর পাল্টা জবাব দিতে পেরেছিল।
সেই সময় ‘কোয়েন ২.৫’ বাজারে এনে দাবি করেছিল, ডিপসিকের জনপ্রিয় মডেলের চেয়েও শক্তিশালী তাদের এ মডেল। তবে এবারের ‘কোয়েন ৩.৫’ মডেলটি উন্মোচনের ঘোষণায় সরাসরি ডিপসিকের নাম উল্লেখ করেনি আলিবাবা।
কোম্পানিটির পারফরম্যান্স রিপোর্টে দেখা গেছে, এ নতুন মডেলটি তাদের আগের সংস্করণ ও মার্কিন শক্তিশালী মডেল যেমন, জিপিটি-৫.২, ক্লড ওপাস ৪.৫ ও জেমিনাই ৩ প্রো-কে ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, ধারণা করা হচ্ছে, ডিপসিক আগামী কয়েক দিনের মধ্যেই তাদের নতুন প্রজন্মের এআই মডেল উন্মোচন করবে।
গত বছর ডিপসিকের উত্থান বিশ্ব শেয়ারবাজারে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে বড় ধরনের তোলপাড় তৈরি করেছিল। ফলে এখন বেশ আগ্রহ নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করছেন বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।